আজ মঙ্গলবার ‘বাংলাদেশ গণঅধিকার পরিষদ’ নামে নতুন একটি রাজনৈতিক দলের আত্মপ্রকাশ হতে যাচ্ছে। নতুন এ দলের নেতৃত্বে থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নুর ও গণফোরামের সাবেক সাধারণ সম্পাদক ও অর্থনীতিবিদ ড. রেজা কিবরিয়া। দলের পক্ষ থেকে ২১ দফা কর্মসূচিও প্রণয়ন করা হবে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার লক্ষ্য নিয়ে এই দলের আত্মপ্রকাশ হবে। তাদের পূর্বনির্ধারিত ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের বদলে রাজধানীর পল্টনের জামান টাওয়ারে কেন্দ্রীয় কার্যালয় থেকে দলের ঘোষণা আসবে। দলের আহ্বায়ক রেজা কিবরিয়া আওয়ামী লীগের সাবেক অর্থমন্ত্রী শাহ এম এস কিবরিয়ার ছেলে। আর নতুন এই দলের সদস্যসচিব হিসেবে থাকছেন নুরুল হক নুর।
নুরুল হক নুর জানিয়েছেন, আজ মঙ্গলবার বেলা ১১টায় এই রাজনৈতিক দলের ঘোষণা আসবে। দল হিসেবে আত্মপ্রকাশের পর ঘোষণা করা হবে ১০১ সদস্যের আহ্বায়ক কমিটি। নুর বলেন, ‘ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে অনুমতি চেয়েছিলাম, সেখানে দিচ্ছে না। এর আগে ২০ তারিখ করার কথা ছিল। পুলিশ দিচ্ছে না। এ কারণেই এখন আমরা জামান টাওয়ারে আমাদের অফিসেই করব।’
