বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব, মঞ্চ, টিভি ও চলচ্চিত্রের অভিনেতা মাহমুদ সাজ্জাদের প্রতি শেষ শ্রদ্ধা জানিয়েছেন সর্বস্তরের ভক্ত, অনুরাগীসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন। শিল্পকলা একাডেমিতে শ্রদ্ধা নিবেদন শেষে তার মরদেহ ময়মনসিংহে নিয়ে যাওয়া হয়েছে। সেখানেই পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করা হয় বলে সংস্কৃতি মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।
সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদের বড় ভাই মাহমুদ সাজ্জাদের মরদেহ গতকাল সোমবার সর্বসাধারণের শেষ শ্রদ্ধা নিবেদনের জন্য শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা প্রাঙ্গণে রাখা হয়। এ সময় শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠানে বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা, নাট্যজন ও মুক্তিযোদ্ধা নাসির উদ্দীন ইউসুফ, নাট্যজন আতাউর রহমান, রামেন্দু মজুমদার, শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী, আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক উপকমিটির সদস্য অসীম কুমার উকিল এমপি, জাতীয় পার্টি-জেপির প্রেসিডিয়াম সদস্য বীর মুক্তিযোদ্ধা সাদেক সিদ্দিকী প্রমুখ উপস্থিত ছিলেন।
শিল্পকলা একাডেমিতে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন, বাংলাদেশ শিল্পকলা একাডেমি, সম্মিলিত সাংস্কৃতিক জোট, বৃহত্তর ময়মনসিংহ সাংস্কৃতিক ফোরাম, বাংলা একাডেমি, সংস্কৃতি মন্ত্রণালয়সহ বিভিন্ন অঙ্গসংগঠন থেকে মাহমুদ সাজ্জাদের প্রতি ফুলেল শ্রদ্ধা জ্ঞাপন করে।
শ্রদ্ধা নিবেদন শেষে অভিনেত্রী ফাল্গুনী হামিদ বলেন, ‘ম. হামিদ, সাজ্জাদ ভাই ও আমার ছোট দেবর কে এম খালিদ এরা সম্পূর্ণ অসাম্প্রদায়িক চেতনার মানুষ। বর্তমান সময়ে যেখানে এই সাম্প্রদায়িকতার হানাহানি, সেখানে ভাইকে খুব প্রয়োজন ছিল।
