দেশে গত এক দিনে আরো ২৮৯ জনের মধ্যে করোনা ভাইরাস সংক্রমণ ধরা পড়েছে, মৃত্যু হয়েছে আরো পাঁচ জনের। গতকাল সোমবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় শনাক্ত নতুন রোগীদের নিয়ে দেশে এ পর্যন্ত আক্রান্ত কোভিড রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৬৭ হাজার ৯৮১ জনে, মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২৭ হাজার ৮২৮ জন।
নতুন শনাক্তদের মধ্যে ২১০ জনই ঢাকা জেলার, যা সারা দেশের মোট শনাক্তের তিন-চতুর্থাংশ। আর যারা মারা গেছেন, তাদের দুজন ঢাকার, দুজন চট্টগ্রামের এবং এক জন খুলনার বাসিন্দা ছিলেন। আগের দিন রবিবার দেশে ২৭৫ জন নতুন রোগী শনাক্ত হয়েছিল, মৃত্যু হয়েছিল ৯ জনের। সেই হিসেবে মৃত্যু কমলেও শনাক্ত কিছুটা বেড়েছে। স্বাস্থ্য অধিদপ্তরে হিসাবে ২৪ ঘণ্টায় করোনা থেকে সেরে উঠেছেন ৪১৩ জন। তাদের নিয়ে এই পর্যন্ত সুস্থ হয়ে উঠলেন ১৫ লাখ ৩১ হাজার ৭৪০ জন।
গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা সংগৃহীত হয়েছে ২০ হাজার ৮৩৩টি। নমুনা পরীক্ষা হয়েছে ২০ হাজার ৭৭৩টি। দেশে এখন পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে ১ কোটি ২ লাখ ৪২ হাজার ৯২৩টি। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ৭৪ লাখ ৬৮ হাজার ১৬৮টি আর বেসরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ২৭ লাখ ৭৪ হাজার ৭৫৫টি। দেশে এখন পর্যন্ত করোনাতে রোগী শনাক্তের হার ১৫ দশমিক ৩১ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ৬৯ শতাংশ আর শনাক্ত বিবেচনায় মৃত্যু হার এক দশমিক ৭৭ শতাংশ। গত ২৪ ঘণ্টায় করোনাতে মারা যাওয়া পাঁচ জনের মধ্যে পুরুষ দুজন, নারী তিন জন। দেশে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মোট পুরুষ মারা গেলেন ১৭ হাজার ৮১৯ জন। নারী মারা গেছেন ১০ হাজার ৯ জন। বয়স বিবেচনায় ৫১-৬০ বছরের মধ্যে রয়েছে দুজন আর ৬১-৭০ বছরের মধ্যে রয়েছেন তিন জন। তাদের মধ্যে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের আছেন দুজন করে। খুলনা বিভাগে মারা গেছেন এক জন।
