অনুমতি দিয়েও গোয়ায় বাতিল ‘জনতার চার্জশিট’

আপডেট : ২৬ অক্টোবর ২০২১, ০০:২৭

ত্রিপুরার পরে এবার গোয়া। ফের মমতা ব্যানার্জির তৃণমূল কংগ্রেসের কর্মসূচির অনুমতি প্রত্যাহারের অভিযোগ উঠল বিজেপি পরিচালিত একটি রাজ্যের প্রশাসনের বিরুদ্ধে। তৃণমূলের অভিযোগ, পশ্চিম ভারতের ওই রাজ্যের প্রশাসন তৃণমূলের ‘জনতার চার্জশিট প্রকাশ’ কর্মসূচির অনুমতি দিয়েও বাতিল করেছে। তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জির  সরকারি টুইটারে এই দাবি করা হয়েছে। চার দিন আগেই ‘জনতার চার্জশিট’ কর্মসূচি পালনের জন্য প্রয়োজনীয় অনুমতি নেওয়া হয়েছিল। গতকাল সোমবার বিকালে এ উদ্দেশে ব্যাপক আয়োজনও করা হয়েছিল। কিন্তু কিন্তু শেষ মুহূর্তে হঠাত্ আইনশৃঙ্খলা পরিস্থিতির কথা বলে তা বাতিল করা হয়। উল্লেখ্য, বৃহস্পতিবার গোয়া সফরে যাচ্ছেন মমতা। তার আগে এই অনুমতি বাতিলের ঘটনা নতুন মাত্রা পেয়েছে সে রাজ্যের রাজনীতিতে।