হারে সফর শুরু বাংলাদেশের

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০১৯, ২২:৪৫

স্পোর্টস রিপোর্টার

নিউজিল্যান্ড সফরের শুরুটা ভালো হলো না বাংলাদেশের। টপঅর্ডার ব্যাটসম্যানদের ব্যর্থতায় ব্যাটিংয়ে বড় পুঁজি গড়তে পারেনি সফরকারীরা। মোহাম্মদ মিঠুনের হাফ সেঞ্চুরিতে এবং মোহাম্মদ সাইফউদ্দিনের ব্যাটিং দৃঢ়তায় কিছুটা লড়াই করেছে বাংলাদেশ। পরে স্বল্প পুঁজিতে বোলাররাও চেপে ধরতে পারেননি নিউজিল্যান্ডকে। নেপিয়ারে সিরিজের প্রথম ওয়ানডেতে গতকাল নিউজিল্যান্ডের কাছে আট উইকেটে হেরেছে মাশরাফি বিন মুর্তজার দল।

এই জয়ে সিরিজে ১-০ তে এগিয়ে গেল স্বাগতিকরা। আগামী ১৬ ফেব্রুয়ারি ক্রাইস্টচার্চে অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় ওয়ানডে। গতকাল ম্যাকলিন পার্কে টস জিতে আগে ব্যাট করে ৪৮.৫ ওভারে ২৩২ রানে অলআউট হয় বাংলাদেশ। জবাবে মার্টিন গাপটিলের সেঞ্চুরিতে ৪৪.৩ ওভারে দুই উইকেটে ২৩৩ রান তুলে ম্যাচ জিতে নেয় নিউজিল্যান্ড। গাপটিল ম্যাচ সেরা হন।

ব্যাটিংয়ে নেমে ৪২ রানে চার উইকেট হারিয়ে বসে বাংলাদেশ। তামিম, লিটন, মুশফিকরা উইকেটে থিতু হতে পারেননি। সৌম্য ৩০ রান করে ফিরেছেন। পরে মিঠুনের ৬২, সাইফউদ্দিনের ৪১, মিরাজের ২৬ রানে লড়াইয়ের পুঁজি গড়ে টাইগাররা। ১৩১ রানে সাত উইকেট পতনের পর অষ্টম উইকেটে মিঠুন-সাইফউদ্দিন রেকর্ড ৮৪ রানের জুটি গড়ে দলের মান বাঁচিয়েছেন। মাশরাফি অপরাজিত ৯ রান করেন। নিউজিল্যান্ডের বোল্ট-স্যান্টনার তিনটি করে, হেনরি-ফার্গুসন দুটি করে উইকেট নেন।

পরে গাপটিলের সেঞ্চুরিতে অনায়স জয় পায় নিউজিল্যান্ড। গাপটিল অপরাজিত ১১৭, নিকোলস ৫৩, রস টেইলর অপরাজিত ৪৫ রান করেন। বাংলাদেশের মিরাজ, মাহমুদউল্লাহ একটি করে উইকেট নেন। গাপটিল ম্যাচ সেরা হয়েছেন।