উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দেওয়ান সাইদুর রহমানের মুক্তিযোদ্ধা পরিবারের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বুধবার দুপুরে হরিরামপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেন মুক্তিযোদ্ধারা। পরে একটি বিক্ষোভ মিছিল বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এবং উপজেলা নির্বাহী অফিসারের কাছে স্মারকলিপি প্রদান করা হয়। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা হাসান ইমাম বাবু, মুক্তিযোদ্ধা আবুল হাশেম, মুক্তিযোদ্ধা আওলাদ হোসেন প্রমুখ।
বক্তারা বলেন, আসন্ন উপজেলা নির্বাচনে আওয়ামী লীগের তৃণমূলের ভোটে মনোনীত উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী দেওয়ান সাইদুর রহমানের সুনাম ক্ষুণ্ন করার জন্য একটি মহল নামসর্বস্ব পত্রিকায় তার পরিবারের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। বাস্তব সত্য হচ্ছে, দেওয়ান সাইদুর রহমান মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। তার বড় ভাই মুক্তিযোদ্ধা দেওয়ান রওশন ছিলেন মুক্তিযোদ্ধা বাছাই কমিটির হরিরামপুর উপজেলার সাধারণ সম্পাদক। আরেক ভাই দেওয়ান রায়হান একজন মুক্তিযোদ্ধা। দেওয়ান সাইদুর রহমান ছাত্রলীগের সাথে সম্পৃক্ত হয়ে ১৯৮৪ সাল রাজনীতিতে আসেন। তিনি হরিরামপুর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হয়ে তিনি উপজেলা পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। বর্তমান তিনি হরিরামপুর উপজেলা আওয়ামী লীগের কার্যকরী সদস্য ও জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন।
