ক্রেতা বিক্রেতায় সরব বরিশালের ইলিশ মোকাম

আপডেট : ২৬ অক্টোবর ২০২১, ২০:৩১

ইলিশ শিকারে ২২ দিনের নিষেধাজ্ঞা সোমবার (২৫ অক্টোবর) মধ্যরাতে শেষ হয়েছে। রাত ১২টার পর থেকে নির্বিঘ্নে আবার ইলিশ শিকার শুরু করেন জেলেরা। মঙ্গলবার (২৬ অক্টোবর) ভোর থেকেই দক্ষিণাঞ্চলের সর্ববৃহৎ মাছের আড়ত বরিশালের পোর্ট রোডের মোকামগুলোতে বিকিকিনির ধুম পরে। ক্রেতাদের ভীরে মুখর ছিল পুরো মোকাম এলাকা। শীত মৌসুমের শুরুতে হঠাৎ জালে এত ইলিশ ধরা পড়ায় জেলেরাও অবাক।

দক্ষিণাঞ্চলের উপকূল এলাকা সংলগ্ন বঙ্গোপসাগর ও মেঘনাসহ কয়েকটি নদীতে প্রচুর ইলিশ ধরা পড়ছে। এতে এ অঞ্চলের বৃহৎ ইলিশ মোকাম পোর্ট রোডে বিকিকিনির ধুম পড়েছে। প্রচুর ইলিশের সরবরাহ থাকায় এবং অধিকাংশ মাছের পেটে ডিম ভর্তি থাকায় দামও কমেছে কিছুটা। এতে ক্রেতাদের মাঝে ব্যাপক চাহিদা লক্ষ্য করা গেছে। দিনভর পাইকারি বাজার থেকে ক্রেতারা যে যার সাধ্যমতো ইলিশ কিনছেন । তবে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থান থেকে আসা পাইকারদের সংখ্যা ছিল চোখে পড়ার মতো। ক্রয় করা ইলিশ ককশিটে বরফ দিয়ে প্যাকেটজাত করছেন শ্রমিকরা। 

জেলেদের সাথে কথা বলে জানা গেছে, গত ২২ দিন মাছ ধরা বন্ধ থাকার পর উপকূল এলাকা সংলগ্ন বঙ্গোপসাগর ও মেঘনা নদীতে প্রচুর ইলিশ ধরা পড়ছে। বেশিরভাগ ইলিশের ওজন প্রায় এক কেজি। পাইকারি আড়তদাররা জানান দেড় কেজি ওজনের ইলিশ পাইকারি বাজারে প্রতি মণ ৪২ হাজার থেকে ৪৫ হাজার টাকা, ১২শ’ গ্রামের ইলিশ প্রমি মণ ৪০ হাজার টাকা, কেজি সাইজের ইলিশ প্রতি মণ ৩৮ হাজার টাকা, ৮শ’ গ্রাম ওজনের ইলিশ প্রতি মণ ৩৪ থেকে ৩৫ হাজার টাকা মণ, ৫শ’ থেকে ৬শ’ গ্রাম ওজনের ইলিশ প্রতি মণ ২৪ থেকে ২৫ হাজার টাকা দরে বিক্রি হয়েছে। 

No description available.

ইলিশ কিনতে আসা আকতার রহমান জানান, দাম মোটামুটি সাধ্যের মধ্যে রয়েছে। আমার মত অনেকেই ইলিশ কিনতে এসেছে। প্রচুর ইলিশ এসেছে, দেখে ভালোও লাগছে। নিম্ন আয়ের অনেকে ইলিশ কিনতে এসে জানিয়েছেন দাম কম হওয়ায় অনেকদিন পর ইলিশের স্বাদ নিতে পারবেন তারা।  

বরিশাল পোর্ট রোড মৎস্য আড়তদার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক নিরব হোসেন টুটুল বলেন, প্রায় হাজার মন ইলিশ এসেছে প্রথম দিনে। দামও কিছুটা কম থাকায় মানুষের মাঝে ইলিশ কেনার আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে বলে তিনি জানান। 

ইত্তেফাক/ইআ