মিশরে সাড়ে চার বছর পর জরুরি অবস্থা প্রত্যাহার করা হচ্ছে

আপডেট : ২৬ অক্টোবর ২০২১, ২০:৪৪

মিশরে সাড়ে চার বছর ধরে চলা জরুরি অবস্থার অবসান হতে যাচ্ছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি। সোমবার এক ফেসবুক পোস্টে তিনি এ কথা জানিয়েছেন।

বেশ কয়েকটি গির্জায় প্রাণঘাতী বোমা হামলা হওয়ার পর ২০১৭ সালের এপ্রিলে মিশরে জরুরি অবস্থা জারি করা হয়েছিল। তার পর থেকে তিন মাস অন্তর অন্তর নিয়মিতভাবে এর মেয়াদ বাড়ানো হয়। নিরাপত্তা পরিস্থিতির উন্নতি সত্ত্বেও জরুরি অবস্থা তুলে নেওয়া হয়নি। ফেসবুক পোস্টে সিসি লিখেছেন, ‘মিশর এই অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতার মরূদ্যান হয়ে উঠেছে। তাই কয়েক বছরের মধ্যে প্রথমবারের মতো দেশের সব এলাকায় জরুরি অবস্থার মেয়াদ বাড়ানো বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

জরুরি অবস্থা কর্তৃপক্ষকে কোনো পরোয়ানা ছাড়াই গ্রেফতার ও তাদের কথিত ‘রাষ্ট্রের শত্রুদের’ দমন করার একচ্ছত্র ক্ষমতা দেয়।  সিসির অধীনে গত কয়েক বছর ধরে উদারপন্থি থেকে শুরু করে ইসলামপন্থি ভিন্নমতাবলম্বী সমালোচকদের দমনে এই ক্ষমতা ব্যবহার করা হয়েছে। জরুরি অবস্থার মেয়াদ আর না বাড়ানোর সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন মিশরের খ্যাতনামা অ্যাকটিভিস্ট হোসাম বাহগাত।

উল্লেখ্য, মিশরের নিরাপত্তা বাহিনীগুলো সিনাইয়ের উত্তরাঞ্চলে ইসলামিক স্টেটের (আইএস) সঙ্গে যুক্ত জঙ্গিদের বিদ্রোহও মোকাবিলা করছে। তবে তারা সম্প্রতি ঐ এলাকায় নিজেদের অবস্থান সংহত করেছে।