আগামী ১৪ নভেম্বর থেকে এসএসসি পরীক্ষা শুরু হবে বলে জানানো হয়েছে। ঠিক এ সময়ে শিক্ষার্থীদের হাতে ধরিয়ে দেওয়া হয়েছে ইউনিক আইডি ফরম। ফরম পূরণ করে জমা দিতে অসুবিধা নেই। কিন্তু সঙ্গে দিতে হবে শিক্ষার্থীদের অনলাইন জন্মনিবন্ধন সনদ। এখন এটা নিয়ে বিপাকে পড়েছেন শিক্ষার্থী এবং অভিভাবকরা। অনেকেরই জন্মনিবন্ধন সনদ অনলাইন করা নেই। আর এটা অত সহজ কাজও নয়। এখানে লম্বা প্রক্রিয়া রয়েছে। কারণ শিক্ষার্থীদের জন্মনিবন্ধন অনলাইন করতে হলে প্রথমে অভিভাবকদের জন্মনিবন্ধন অনলাইন করতে হবে। এসএসসি/এইচএসসি পরীক্ষার্থীদের সামনে এই সময় এমন জটিল একটা কাজে জড়িয়ে কঠিন বিপদে ফেলে হয়েছে। বলা হচ্ছে, ইউনিক আইডি ফরম পূরণ না হলে কেউ করোনা টিকা দিতে পারবে না। আর যাদের করোনা টিকা দেওয়া হবে না, তারা এসএসসি/এইচএসসি পরীক্ষা দিতে পারবে না। বিষয়টা অত্যন্ত উদ্বেগজনক। দয়া করে সময়ের স্বল্পতার কথা বিবেচনা করে এবং ইউনিয়ন পরিষদে চাপের কারণে (নির্বাচন এবং সার্ভারে চাপ থাকায়) পরীক্ষার্থীদের ইউনিক আইডি ফরম পূরণ প্রক্রিয়া স্থগিত করতে কর্তৃপক্ষের কাছে বিনীত আবেদন করছি।
হারুনুর রশিদ আরজু, ছাগলনাইয়া, ফেনী
