আধুনিক প্রযুক্তিনির্ভর বিশ্বে সামাজিক উন্নতির গতিশীলতা দিন দিন বাড়ছে। কিন্তু সামাজিক সমস্যাগুলো সহজে নিরসন হচ্ছে না। সমাজে প্রতিনিয়ত হত্যা, গুম, খুন, সাম্প্রদায়িক সন্ত্রাস লেগেই থাকে। এর পিছনে মূল কারণ হচ্ছে সমস্যা সমাধানে বিজ্ঞানভিত্তিক জ্ঞানের অভাব। যা কেবল একজন দক্ষ সমাজকর্মীর পক্ষে সম্ভব। সমাজকর্ম এমন একটি পেশা যা একজন সমাজকর্মীকে অনেকগুলো পদ্ধতি অনুসরণের মাধ্যমে সামাজিক সমস্যা সমাধানে সাহায্য করে। একজন দক্ষ সমাজকর্মী ব্যক্তি, দল বা সমস্যা সমাধানে এমন ভাবে সহায়তা করে, যাতে নিজেরাই নিজেদের সমস্যা সমাধানে সক্ষম হয়। আধুনিক সমাজ বিনির্মাণে একজন পেশাদার সমাজকর্মী অনন্য ভূমিকা পালন করেন। যা দেখতে পাই সমাজকর্মকে পেশা হিসেবে স্বীকৃতি দেওয়া দেশগুলোতে। সমাজকর্মীরা বিজ্ঞানভিত্তিক কার্যক্রমের মাধ্যমে সময় উপযোগী সিদ্ধান্ত নেন সামাজিক সমস্যা নিরসনে। একজন যোগ্য সমাজকর্মী যে কোনো সামাজিক সমস্যা নিরসনে গুরুত্ব দেন সুশৃঙ্খল জ্ঞান, বিশেষ দক্ষতা ও নৈপুণ্য, পেশাগত দায়িত্ব ও জবাবদিহিতা, আধুনিক মননশীল চিন্তাচেতনা, মূল্যবোধ, জনকল্যাণমুখীতা ও বাস্তবমুখী জ্ঞান। যা আধুনিক সমাজ বিনির্মাণে কার্যকর ভূমিকা পালন করে। একজন স্বীকৃত সমাজকর্মী নিরঙ্কুশভাবে মানুষের অধিকার নিয়ে কাজ করেন, যা সমাজে আর্থসামাজিক মর্যাদা রক্ষায় ব্যাপক ভূমিকা রাখে।
আল-ইমরান
শিক্ষার্থী, সমাজকর্ম বিভাগ,
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
