ভ্রাম্যমাণ প্রতিনিধি
ঝিনাইদহ জেলায় মাজরা পোকার পর এবার আমনের খেতে বাদামি গাছ ফডিং পোকার আক্রমণ দেখা দিয়েছে। এতে বিপাকে পড়েছেন চাষিরা। এ পোকার আক্রমণ দ্রুত ছড়ায় বলে চাষিদের কাছে কারেন্ট পোকা বলে পরিচিত। চাষিরা পোকা দমনে খেতে কীটনাশক স্প্রে করছেন। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, চলতি মৌসুমে ১ লাখ ৪ হাজার ৬১২ হেক্টরে জমিতে আমন আবাদ হয়েছে। চাষের শুরুতে জেলা জুড়ে আমনের খেতে মাজরা পোকার আক্রমণ শুরু হয়। তখন কীটনাশক স্প্রে করলে এ পোকা দমন হয়। কিন্তু মাসখানেক আগে কারেন্ট পোকার আক্রমণ শুরু হয়েছে। বিশেষ করে নাবি ধানে। আক্রমণের কয়েক দিনের মধ্যে খেত হলুদ হয়ে যাচ্ছে। শৈলকুপা উপজেলার মহিষাডাঙ্গা গ্রামের চাষি ফজলুর রহমান বলেন, কারেন্ট পোকার আক্রমণে তার তিন বিঘা জমির ধান নষ্ট হয়েছে। মহেশপুর উপজেলার রাখাল ভোগা গ্রামের চাষি নুর ইসলাম জানান, তার এক বিঘা জমির ধান পোকার আক্রমণে নষ্ট হয়ে গেছে। এ ব্যাপারে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ঝিনাইদহের উপ-পরিচালক মো. আজগর আলি বলেন, জেলায় বিক্ষিপ্তভাবে কারেন্ট পোকার আক্রমণ হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাঠ কর্মীরা পোকা দমনে কাজ করছে।
