নীলফামারীতে স্বনামে চাল বিপণনের উদ্যোগ

আপডেট : ২৬ অক্টোবর ২০২১, ২১:২৩

নীলফামারী প্রতিনিধি

নীলফামারী সদর উপজেলায় ১৫ জন কৃষকের দল গঠন করে ব্লক আকারে ব্রি-ধান ৮৭ জাত চাষ করে বাজারজাতকরণের ব্যবস্থা নেওয়া হয়েছে। এ উপলক্ষ্যে মঙ্গলবার দুপুরে সদর উপজেলার টুপামারী ইউনিয়নের কামারপাড়া গ্রামে চুক্তিবদ্ধ চাষির মাধ্যমে আবাদকৃত প্রিমিয়াম গুণসম্পন্ন আমন ধানের আগাম ও উচ্চফলনশীল ব্রি-ধান ৮৭ জাতের ধান কর্তন ও ব্রান্ডিং উপলক্ষ্যে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়। মাঠ দিবসে প্রধান অতিথি বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের কৃষিতত্ত্ব বিভাগের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা কৃষিবিদ ড. মো. শহিদুল ইসলাম বলেন, ব্রি-ধান ৮৭ স্থানীয় স্বর্ণা জাতের তুলনায় হেক্টরপ্রতি এক টন বেশি ফলন দেয়। বিশেষ অতিথি কৃষিবিদ আবু সায়েম ও মাঠ দিবসের সভাপতি জেলা কৃষি সম্প্রসারণ দপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মো. আবু বকর সিদ্দিক বলেন, স্বনামে সুগন্ধি ও সরু চাল ব্রান্ডিংয়ের এ উদ্যোগ বিশ্ব বাজারে চাল রপ্তানি বাণিজ্যকে আরো সম্প্রসারিত করবে। দিনাজপুর হাবের আঞ্চলিক সমন্বয়কারী কৃষিবিদ মো. এলানুজ্জামান বলেন, স্বনামে সুগন্ধি ও সরু চাল ব্রান্ডিংয়ের এ উদ্যোগ সামনের দিনে সারা দেশে ছড়িয়ে দেওয়া হবে যাতে কৃষকরা লাভবান হয়।