জীবননগর (চুয়াডাঙ্গা) সংবাদদাতা
জীবননগর উপজেলা সাবরেজিস্ট্রার মাকসুদুর রহমান গত জুলাই মাসের শেষ সপ্তাহে অন্যত্র বদলি হন। তার বদলির পর এখনো কাউকে এ পদে নিয়োগ দেওয়া হয়নি। ফলে গত প্রায় তিন মাস ধরে জীবননগর উপজেলায় সাবরেজিস্ট্রার পদ শূন্য রয়েছে। বর্তমানে দামুড়হুদা উপজেলা সাবরেজিস্ট্রার এম মফিজ বিন জামান অতিরিক্ত দায়িত্ব হিসেবে এ উপজেলায় সপ্তাহে একদিন রেজিস্ট্রির কাজ করছেন। এতে জমি রেজিস্ট্রিতে জটের সৃষ্টি হয়েছে। চরম ভোগান্তির মধ্যে পড়েছেন উপজেলার জমি ক্রেতা ও বিক্রেতারা। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, প্রতি সপ্তাহে জীবননগর উপজেলায় গড়ে দুই শতাধিক দলিল সম্পাদন হয়ে থাকে। একদিনে এত অধিকসংখ্যক দলিল এক জন সাবরেজিস্ট্রারের পক্ষে সম্পাদন করা দুরূহ ব্যাপার। দামুড়হুদা উপজেলা সাবরেজিস্ট্রার এম মফিজ বিন জামান বলেন, চুয়াডাঙ্গা জেলার অন্য আরো দুইটি উপজেলায় সাবরেজিস্ট্রার পদ শূন্য রয়েছে। একা চারটি উপজেলা সামলাতে হচ্ছে। এতে প্রচুর দলিল জমে যাচ্ছে। চুয়াডাঙ্গা জেলা রেজিস্ট্রার শফিকুল ইসলাম এ বিষয়ে জানান, বিষয়টি আইন মন্ত্রণালয়কে অবগত করানো হয়েছে। সম্প্রতি আলমডাঙ্গা উপজেলায় নতুন একজন সাবরেজিস্ট্রারকে পদায়ন করা হয়েছে বলে জানান তিনি।
