বরিশালে ইলিশ রক্ষা অভিযানে ৮৯৯ জনের কারাদণ্ড

আপডেট : ২৬ অক্টোবর ২০২১, ২১:২৪

বরিশাল অফিস

বরিশালে ইলিশ রক্ষার লক্ষে গত ৪ অক্টোবর থেকে শুরু হওয়া অভিযান শেষ হয়েছে গত ২৫ অক্টোবর। টানা ২২ দিনের এ অভিযানে বরিশাল বিভাগে আইনশৃঙ্খলা বাহিনী ও জেলেদের মধ্যে দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সব অভিযান সফলভাবে সম্পন্ন হয়েছে। বরিশাল মত্স্য অধিদপ্তরের দাবি, প্রশাসনের কঠোর নজরদারির ফলে এবার মিঠাপানিতে ডিম ছাড়তে পেরেছে সাগর থেকে আসা ইলিশগুলো। ফলে দেশে ইলিশের উত্পাদন বাড়বে বলে তারা আশাবাদী। বরিশাল বিভাগীয় মত্স্য অধিদপ্তর জানিয়েছে, গত ২২ দিনে বিভাগে মোট ৮৯৯ জনের কারাদণ্ড হয়েছে। এ সময় ২ হাজার ৬৫১টি অভিযানে ৯ দশমিক ৩৭৯ টন ইলিশ উদ্ধার করা হয়। জব্দ করা হয় প্রায় ৬০ দশমিক ১৬১ লাখ মিটার কারেন্ট জাল। অভিযানে উপকূলীয় এলাকার তুলনায় বরিশাল নদী অঞ্চলে বেশি জেলের কারাদণ্ড হয়েছে। সূত্রে আরো জানায়, এ সময় মামলা হয়েছে ৭৮১টি। জরিমানা করা হয়েছে ২২ দশমিক ৯১৩ লাখ টাকা। নিলামকৃত আয় হয়েছে ৩ দশমিক ১ হাজার ১৯৬ লাখ টাকা। বিষয়টি নিশ্চিত করে মত্স্য অধিদপ্তর বরিশাল বিভাগের উপ-পরিচালক আনিছুর রহমান তালুকদার জানান, সফলভাবে এবারের মা-ইলিশ রক্ষা অভিযান শেষ হয়েছে। এখন জেলেরা নদীতে গেলে আশানুরূপ ইলিশ পাবেন।