ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতা
ঈশ্বরদীস্থ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউটে নিয়োগের ক্ষেত্রে পাবনা জেলা কোটা রাখার দাবিতে মানববন্ধন ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে পাবনা জেলাবাসীর ব্যানারে ইনস্টিটিউটের প্রধান ফটকের সামনে এই মানববন্ধন ও পথসভা অনুষ্ঠিত হয়। পথসভায় বক্তব্য রাখেন, স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মাসুদ রানা, পৌরসভার কাউন্সিলর ইউসুফ প্রধান, কাউন্সিলর ফিরোজা বেগম, কাউন্সিলর জাহাঙ্গির হোসেন, কাউন্সিলর কামাল হোসেন, স্বেচ্ছাসেবক লীগ নেতা রুয়েন, ছাত্রলীগ নেতা আমজাদ হোসেন অবুঝ, কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাব্বির হোসেন প্রমুখ। সঞ্চালনা করেন স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক সজিব মালিথা। সভায় বক্তারা সুগারক্রপের চাকরিতে পাবনা জেলার মানুষের জন্য কোটা প্রবর্তনের দাবির পাশাপাশি প্রতিষ্ঠানের কাজ ছোট ছোট কোটেশনে বিভক্ত না করে উন্মুক্ত টেন্ডারের মাধ্যমে সম্পাদনের আহ্বান জানিয়েছেন। এ বিষয়ে ইনস্টিটিউটের মহাপরিচালক ড. আমজাদ হোসেন বলেন, সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউট দেশের একটি সুনামধন্য প্রতিষ্ঠান। সরকারি বিধিবিধান মেনে নিয়োগ কার্যক্রম চলমান আছে। দেশের সব জেলার কোটা ফলো করে নিয়োগ কমিটি মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত বোর্ড নিয়োগ কার্যক্রম পরিচালনা করে।
