ইত্তেফাক ডেস্ক
পৃথক সড়ক দুর্ঘটনায় মঙ্গলবার দুই জনের মৃত্যু হয়েছে। আমাদের প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর:
ভ্রাম্যমাণ প্রতিনিধি :ঝিনাইদহে সকালে নসিমনের চাকা ভেঙে রাস্তায় উলটে চালক লালন মণ্ডল মারা গেছেন। হরিণাকুন্ডু উপজেলার চারাতলা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। হরিণাকুন্ডু থানার ওসি আব্দুর রহিম মোল্লা জানান, হরিণাকুন্ডু উপজেলার কাপাশহাটিয়া গ্রামের নসিমন চালক লালন মণ্ডল ঝিনাইদহ শহর থেকে ফেরার পথে চারাতলা নামক স্থানে পৌঁছালে চাকা ভেঙে উলটে যায়। এতে তিনি গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিত্সক মৃত ঘোষণা করেন।
মঠবাড়িয়া (পিরোজপুর) :মঠবাড়িয়ায় দুপুরে সড়ক দুর্ঘটনায় জিহাদ হাওলাদার নামের এক মাহেন্দ্র চালকের মৃত্যু হয়েছে। মঠবাড়িয়া-বড়মাছুয়া সড়কে মাহেন্দ্রটি তালগাছে ধাক্কা লেগে চালক গুরুতর আহত হন। পরে তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান। মঠবাড়িয়া থানার ওসি মুহা. নুরুল ইসলাম বাদল জানান, অভিযোগ না থাকায় মাহেন্দ্র চালকের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
