নাঙ্গলকোটে বৃদ্ধাকে গলা কেটে হত্যা

আপডেট : ২৬ অক্টোবর ২০২১, ২১:২৪

নাঙ্গলকোট (কুমিল্লা) সংবাদদাতা  

নাঙ্গলকোটে সোমবার রাতে জবা বেগম (৭০) নামের এক বৃদ্ধাকে গলা কেটে হত্যা করা হয়েছে। উপজেলার ঢালুয়া ইউপির চান্দলা গ্রামের মিজান মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। জবা ঐ গ্রামের মরহুম আবদুর রশিদের স্ত্রী।

নিহতের পুত্রবধূ স্বপ্না বেগম বলেন, শাশুড়িকে মঙ্গলবার সকালে নাস্তা দিতে গিয়ে খাটের ওপর বালিশচাপা দেওয়া অবস্থায় শুয়ে থাকতে দেখি। বালিশ উঠিয়ে দেখি হাতে এবং মুখে রক্তমাখা লাশ। জবা বেগমের বড় ছেলে নুরুল আমিন বাবলু বলেন, মায়ের দুই জোড়া স্বর্ণের কানের দুল এবং দুটি স্বর্ণের চেইন ছিল। তাছাড়া তার কাছে পুকুর লিজের দুই লক্ষাধিক টাকা গচ্ছিত ছিল। স্বর্ণালঙ্কার ও নগদ টাকাসহ মালামাল লুট করে নিয়ে যাওয়ার সময় দুর্বৃত্তদের চিনে ফেলায় মাকে গলা কেটে হত্যা করা হয়েছে।

এ বিষয়ে নাঙ্গলকোট থানার চলতি দায়িত্বপ্রাপ্ত ওসি রকিবুল ইসলাম বলেন, লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছি। ঘটনার তদন্ত করে রহস্য উদ্ঘাটনের চেষ্টা চলছে।