সিরাজগঞ্জে স্কুলছাত্রী হত্যা মামলায় দুই জনের যাবজ্জীবন

আপডেট : ২৬ অক্টোবর ২০২১, ২১:২৪

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জের কামারখন্দে স্কুলছাত্রী সুরাইয়া খাতুন হত্যা মামলায় দুই জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। মঙ্গলবার সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফজলে খোদা মো. নাজির এই রায় প্রদান করেন। দণ্ডপ্রাপ্তরা হলেন— কামারখন্দ উপজেলার কাজিপুরা গ্রামের শফিকুল ইসলাম স্বপন ও কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী থানার পশ্চিম রায়গঞ্জ গ্রামের মোতালেব হোসেন। মোতালেব পলাতক রয়েছে। সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের স্টেনোগ্রাফার রাশেদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, আসামি মোতালেব হোসেন কামারখন্দ উপজেলার কাজিপুরা গ্রামের মেনহাজ উদ্দিনের বাড়িতে কামলার কাজ করতেন। স্কুলছাত্রী সুরাইয়ার সঙ্গে বাড়ির প্রতিবেশী শরিফুল ইসলামের ঝগড়াঝাটি হয়। এরই জেরে শরিফুলের ভাই শফিকুল ইসলাম সুরাইয়াকে হত্যার পরিকল্পনা করে। মোতালেবকে হত্যার কাজে নিযুক্ত করা হয়। ২০০২ সালের ৬ জুলাই রাতে মোতালেব ও শফিকুল ইসলাম সুরাইয়ার ঘরে ঢুকে ছুরিকাঘাতে হত্যা করে। এ ঘটনায় সুরাইয়ার বাবা মেনহাজ উদ্দিন বাদী হয়ে কামারখন্দ থানায় হত্যা মামলা দায়ের করেন।