ক্ষুদ্র ব্যবসায়ী হত্যা মামলায় পাঁচ জনের মৃত্যুদণ্ড

আপডেট : ২৬ অক্টোবর ২০২১, ২১:৪৪

গোপালগঞ্জে ক্ষুদ্র ব্যবসায়ী দুলাল শেখ হত্যা মামলায় পাঁচ জনকে মৃত্যুদণ্ড ও ৫০ হাজার টাকা করে জরিমানা করেছে আদালত। মঙ্গলবার গোপালগঞ্জের অতিরিক্ত দায়রা জজ মো. আব্বাস উদ্দীন এ আদেশ দেন। আসামিরা সবাই পলাতক রয়েছে। ২০১২ সালের ২ জুন রাতে এ হত্যাকাণ্ড ঘটনা ঘটে

দণ্ডপ্রাপ্তরা হলেন—গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার ভট্টাচার্য্য কান্দি গ্রামের মো. মান্নান শেখের ছেলে ফক্কার শেখ, মুছা শেখের ছেলে মো. মেহেদী হাসান শেখ, গোহালা গ্রামের শংকর সাহার ছেলে সুমন সাহা, একই গ্রামের মো. কাঞ্চন ফকিরের ছেলে মো. কাওছার ফকির এবং শ্রীজিতপুর গ্রামের সিরাজ মোল্লার ছেলে মো. আল আমিন মোল্লা।

আসামিপক্ষের আইনজীবী মুন্সী মো. আতিয়ার রহমান মামলার বরাত দিয়ে জানান, ২০১২ সালের ২ জুন রাতে আসামিরা দুলাল শেখকে পরস্পর যোগসাজশে কুপিয়ে হত্যা করে কুমার নদীতে ফেলে দেয়। পরের দিন ৩ জুন নদীর পানি থেকে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে। ঐ দিনই মুকসুদপুর থানায় পাঁচ জনকে আসামি করে নিহতের স্ত্রী সুলতানা বেগম একটি হত্যা মামলা করেন। দীর্ঘ তদন্ত শেষে পুলিশ পাঁচ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন। সাক্ষ্য গ্রহণ শেষে পাঁচ আসামিকে অভিযুক্ত করে বিজ্ঞ বিচারক ফাঁসি ও প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানার আদেশ দেন।

রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন এপিপি অ্যাডভোকেট মো. শহিদুজ্জামান খান এবং আসামিপক্ষে মামলাটি পরিচালনা করেন অ্যাডভোকেট মুন্সী মো. আতিয়ার রহমান ও মোহাম্মদ আবু তালেব শেখ।