কুমিল্লা নগরীর নানুয়া দীঘির পাড়ের পূজামণ্ডপে পবিত্র কোরআন অবমাননাসহ ভাঙচুরের ঘটনায় কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) মেয়র ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম-সম্পাদক মো. মনিরুল হক সাক্কু এবং মহানগর যুবদলের সাধারণ সম্পাদক ইউছুফ মোল্লা টিপুসহ নেতৃবৃন্দকে জড়ানোর জন্য ষড়যন্ত্র চলছে। ঐ ষড়যন্ত্রের অংশ হিসেবে কয়েকটি গণমাধ্যম ছাড়াও কুচক্রী মহল তাদের বিরুদ্ধে নানান অপপ্রচার চালাচ্ছে। গতকাল মঙ্গলবার বিকালে নগরীর কান্দিরপাড়ে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এমন অভিযোগ করেন দলটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সহসভাপতি সৈয়দ জাহাঙ্গীর আলম।
লিখিত বক্তব্যে সৈয়দ জাহাঙ্গীর আলম বলেন, সিটি করপোরেশনের নির্বাচনকে সামনে রেখে বিএনপি দলীয় মেয়র মো. মনিরুল হক সাক্কুসহ নেতৃবৃন্দের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রের অংশ হিসেবে একটি মহল পূজামণ্ডপের ঘটনাকে পুঁজি করে গণমাধ্যমে অসত্য তথ্য দিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে। এ ঘটনাকে অতি নিন্দনীয় ও ন্যক্কারজনক আখ্যা দিয়ে নেতৃবৃন্দ প্রকৃত দোষী যারাই হোক তাদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
