রাজশাহীর তিন ইউপিতে নৌকার প্রার্থী নেই!

আপডেট : ২৬ অক্টোবর ২০২১, ২১:৪৫

দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে রাজশাহীর তানোর ও গোদাগাড়ী উপজেলা ১৬টি ইউপিতে ভোট হচ্ছে। তবে দুই উপজেলার তিন ইউপিতে নেই নৌকা প্রতীকের প্রার্থী। একটি ইউপিতে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েও অসুস্থতার জন্য নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র জমা দেননি। অপর দুই ইউপিতে আওয়ামী লীগের প্রার্থীদের মনোনয়নপত্র বাতিল করেছে নির্বাচন কমিশন। আপিলেও তারা প্রার্থিতা ফিরে পাননি বলে জানা গেছে।

জেলার সিনিয়র নির্বাচন কর্মকর্তা সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, উপজেলায় আওয়ামী লীগের দুই প্রার্থীসহ সাত জনের প্রার্থিতা বাতিল করা হয়েছিল। তারা প্রার্থিতা ফিরে পেতে আপিল করেছিলেন। গতকাল সোমবার বিকালে অনুষ্ঠিত আপিল শুনানিতে আওয়ামী লীগের দুই প্রার্থীসহ চার জনের প্রার্থিতা বাতিল ঘোষণা করা হয়েছে।

আপিলেও মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীরা হলেন—তানোর উপজেলার সরনজাই ইউনিয়নের নৌকার প্রার্থী আবদুল মালেক, বাঁধাইড় ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী মোয়াজ্জেন হোসাইন, গোদাগাড়ীর পাকড়ি ইউনিয়নের নৌকার প্রার্থী জালাল উদ্দিন এবং দেওপাড়ার স্বতন্ত্র প্রার্থী যুবদল নেতা নাসিরুদ্দীন বাবু।

এদিকে গোদাগাড়ীর চর আষাড়িয়াদহ ইউনিয়নে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছিলেন শহিদুল ইসলাম। অসুস্থতার কারণে তিনি মনোনয়নপত্র দাখিলই করেননি। এর ফলে চর আষাড়িয়াদহতেও নৌকা প্রতীক নিয়ে কেউ ভোট করছেন না। মোট তিনটি ইউপিতে থাকছে না নৌকার প্রার্থী।