ফের হারল বিশ্ব চ্যাম্পিয়নরা

আপডেট : ২৬ অক্টোবর ২০২১, ২২:০৫

কাইরন পোলার্ড, ক্রিস গেইল, আন্দ্রে রাসেল, ডোয়াইন ব্রাভোর মতো অভিজ্ঞরা আছেন দলে। কিন্তু তারপরও টি-২০ বিশ্বকাপে জ্বলে উঠতে পারছে না ওয়েস্ট ইন্ডিজ। ইংল্যান্ডের কাছে ভরাডুবির পর গতকাল সুপার ১২ এ দক্ষিণ আফ্রিকার কাছেও বশ মানল বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। ১৪৪ রানের সহজ লক্ষ্য ৮ উইকেট ও ১০ বল হাতে রেখেই পাড়ি দিয়ে দিল দক্ষিণ আফ্রিকা।

দুবাইয়ে দুই দলই নেমেছিল জয়ের খোঁজে। কেননা আসরের শুরুটা হয়েছিল হার দিয়ে। টস হেরে ব্যাট করতে নেমে শুরু থেকেই ধুঁকতে থাকে কাইরন পোলার্ডের দল। ৩৫ বলে  এভিন লুইসের ৫৬ রান আর কেউই উল্লেখযোগ্য রান তুলতে পারেননি। প্রোটিয়াদের হয়ে প্রিটোরিয়াস ৩টি,  মহারাজ ২টি ও রাবাদা ১ উইকেট। তবে নজর কাড়ানো বোলিং ছিল অ্যানরিখ নরকিয়ার। ১ উইকেট নেয়ার বিনিময়ে ৪ ওভারে মাত্র ১৪ রান দিয়ে ম্যাচ সেরা হন এই গতিদানব। জবাব দিতে নেমে শুরুতে অধিনায়ক টেম্বা বাভুমাকে হারালেও খুব বেশি সমস্যায় পড়তে হয়নি প্রোটিয়াদের। কুইন্টন ডি ককের বদলে সুযোগ পাওয়া রিজা হেনড্রিকসের ৩৯ রানে রান আউট হওয়ার পর ঝড় তুলেন আইডেন মারক্রাম।  ২৬ বলে ২ চার ও ৪ ছয়ে অপরাজিত ৫১ রান তুলে ম্যাচ শেষ করে আসেন তিনি । অপরপ্রান্তে ৪৩ রানে অপরাজিত থাকেন রসি ফন ডার ডুসেন। ক্যারিবিয়ানদের হয়ে একমাত্র উইকেটটি যায় স্পিনার আকিল হাসানের দখলে। সংক্ষিপ্ত স্কোর : ওয়েস্ট ইন্ডিজ : ১৪৩/৮ ২০ ওভার (লুইস ৫৬, পোলার্ড ২৬, সিমন্স ১৬; প্রিটোরিয়াস ৩/১৭, মহারাজ ২/২৪, নরকিয়া ১/১৪)। দক্ষিণ আফ্রিকা: ১৪৪/২ ১৮.২ ওভার (মারক্রাম ৫১*, ডুসেন ৪৩*, হেনড্রিকস ৩৯; আকিল ১/২৭, ব্রাভো ০/২৩)

ফল: দক্ষিণ আফ্রিকা ৮ উইকেটে জয়ী। ম্যাচ সেরা: অ্যানরিখ নরকিয়া।