কেরানীগঞ্জের কদমতলী এলাকায় ঢাকা জেলা প্রেসক্লাবের সামনে গতকাল দুপুরে অটিজম হেলথ কেয়ার সেন্টারের উদ্যোগে প্রতিবন্ধী শিশু শিক্ষার্থীদের নিয়ে মানববন্ধন করা হয়েছে। অটিজম শিক্ষা ও চিকিত্সা সেন্টারের পক্ষ থেকে প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক বলেন, ২৫২ জন শিশু ও কিশোরী অটিজম শিক্ষার্থীদের পাঠদান ও বিভিন্ন নৈতিক শারীরিক শিক্ষা দেওয়া হয়। গত ১২ বছরে বাড়িওয়ালাদের বিরূপ আচরণে আটবার স্থান পরিবর্তন করতে হয়েছে। যার ফলে অটিজম ছেলেমেয়েদের শিক্ষা কার্যক্রম ব্যাহত হয়েছে। প্রতিষ্ঠানটির মূল দাবি, কেরানীগঞ্জে অটিজম শিশু কিশোরীদের জন্য একটি স্থায়ী ক্যাম্পাস করে দেওয়া হোক। তাতে কেরানীগঞ্জের অটিজম ছেলেমেয়েরা পড়ালেখাসহ উন্নত জীবন গড়তে পারবে। অটিজম শিক্ষার্থীদের অনেক মা ও বাবা অভিযোগ করেন, কেরানীগঞ্জে অটিজমে আক্রান্ত শিশুরা অবহেলিত। সরকারিভাবে কোনো শিক্ষাপ্রতিষ্ঠান নেই। অভিভাবকরা আরো জানান, অটিজমে আক্রান্ত তাদের প্রিয় শিশুটিকে কোনো স্কুলে ভর্তি করাতে গেলে তাদের ভর্তি নেওয়া হয় না। তাই তারা দূরদূরান্ত থেকে কদমতলী এসে অটিজম হেলথ কেয়ারে এসে পাঠদান করাচ্ছে। কিন্তু বারবার স্থান পরিবর্তন করার কারণে শিশুদের বিড়ম্বনায় পড়তে হয়। তাদের দাবি অটিজম শিশুদের জীবন রক্ষায় ও পাঠদানের জন্য কেরানীগঞ্জ বিশেষ বিদ্যালয় প্রতিষ্ঠার জন্য সরকারিভাবে জমি বরাদ্দের দাবি জানান অভিভাবকরা।
