ইত্তেফাক রিপোর্ট
জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, শোষণের জন্য তৈরি ব্রিটিশদের প্রশাসনিক কাঠামো ভেঙে এরশাদ গণমানুষের জন্য সেবাধর্মী নানা সংস্কার কর্মসূচি ঘোষণা করেছিলেন। তিনি চেয়েছিলেন গণমানুষের ভোটে নির্বাচিত প্রতিনিধিদের দিয়েই শাসনের বিপরীতে কল্যাণময় সেবা চালু করতে। বর্তমান বাস্তবতায় গণমানুষের কল্যাণেই এরশাদের স্বপ্নের প্রাদেশিক সরকার পদ্ধতি বাস্তবায়ন জরুরি হয়ে পড়েছে। তিনি গতকাল তার বনানীর কার্যালয় মিলনায়তনে প্রাদেশিক ব্যবস্থা বাস্তবায়ন জাতীয় সমন্বয় কমিটির সভায় এ কথা বলেন।
জি এম কাদের বলেন, নতুন নতুন প্রশাসনিক বিভাগ তৈরি হচ্ছে। প্রাদেশিক সরকারব্যবস্থা চালু হলে জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিদের মাধমেই পরিচালিত হবে সব কর্মকাণ্ড। প্রাদেশিক পর্যায়ে জনপ্রতিনিধিদের সরকার প্রতিষ্ঠা হলে দুর্নীতি কমে যাবে। গণমানুষের কাছে জনপ্রতিনিধিদের জবাবদিহি নিশ্চিত হবে।
সভাপতির বক্তব্যে প্রাদেশিক ব্যবস্থা বাস্তবায়ন জাতীয় সমন্বয় কমিটির সভাপতি ও জাপার সিনিয়র কো- চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ বলেন, গণমানুষের কল্যাণেই এরশাদ প্রাদেশিক সরকারব্যবস্থা চালু করতে চেয়েছিলেন। মানুষের অধিকার প্রতিষ্ঠায় প্রাদেশিক সরকারব্যবস্থার বিকল্প নেই। জাপার মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেন, আগামী নির্বাচনের আগে জাপা মানুষের স্বপ্নপূরণের রূপরেখা প্রকাশ করবে। সভায় অন্যদের মধ্যে আলোচনা করেন জাপার প্রেসিডিয়াম সদস্য ও প্রাদেশিক ব্যবস্থা বাস্তবায়ন জাতীয় সমন্বয় কমিটির সাধারণ সম্পাদক সুনীল শুভরায়, কমিটির সমন্বয়ক মীর আব্দুস সবুর আসুদ, কমিটির সদস্য মাসুদ উদ্দিন চৌধুরী প্রমুখ।
