কাপাসিয়ায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দুটি ইউনিয়নের দুই চেয়ারম্যান প্রার্থীকে নির্বাচনি প্রচারণার কাজে বাধা দেওয়ার ঘটনায় থানায় লিখিত অভিযোগ করেছেন দুই প্রার্থী। উপজেলার রায়েদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী আমিনা মুনমুন ও দুর্গাপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী এম এ ওহাব খান খোকা গতকাল কাপাসিয়া থানায় পৃথক অভিযোগ করেন। আমিনা মুনমুনের অভিযোগ, গত সোমবার রাতে রায়েদ ইউনিয়নের পুড়াবাজার এলাকায় নির্বাচনি প্রচারণা করতে গেলে প্রতিপক্ষ তাদের প্রচারণা কাজে বাধা দেয়। তিনি প্রতিবাদ করলে তাকে গালাগাল এবং হত্যার হুমকি দেওয়া হয়।
দুর্গাপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী এম এ ওহাব খান খোকা থানার অভিযোগ, একই দিন রাতে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের রাওনাট বাজার এলাকায় লোকজনের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী হিসেবে পরিচিত হওয়ার জন্য বাজারে আলাপকালে ১৫/২০ জন লোক এসে তাকে নির্বাচন থেকে সরে দাঁড়াতে বলে। এক পর্যায়ে তাকে বাজার থেকে বের করে দেয় তারা। এ বিষয়ে কাপাসিয়া থানার ওসি এ এফ এম নাসিম জানান, ‘অভিযোগ পেয়েছি। তদন্ত করে সত্যতা পাওয়া গেলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।’
