সাটুরিয়ায় ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

আপডেট : ২৬ অক্টোবর ২০২১, ২২:২১

সাটুরিয়া (মানিকগঞ্জ) সংবাদদাতা

সাটুরিয়ায় মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন সাটুরিয়া সদর ইউপি চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন পিন্টু। গতকাল মঙ্গলবার সাটুরিয়া প্রেসক্লাব কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন  করা হয় ।

ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক মো. আনোয়ার হোসেন পিন্টু অভিযোগ করেন, তার বিরুদ্ধে সম্প্রতি একটি পত্রিকায় মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রকাশ করা হয়েছে।  তাতে দাবি করা হয়েছে যে, তিনি অন্যের জমি জোরপূর্বক দখল করেছেন। বাস্তবতা হচ্ছে ঐ জমি তার  ক্রয় করা। 

এ ছাড়াও তার বিরুদ্ধে নদীর মাটি বিক্রি এবং সিএনজি অটোরিকশার স্ট্যান্ড থেকে চাঁদাবাজির অভিযোগ করা হলেও তা মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেন তিনি। তিনি বলেন, আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে একটি মহল তার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। আর তিনি বিএনপি থেকে আওয়ামী লীগে যোগদান করেছেন এমন অভিযোগ  অস্বীকার  করে  বলেন,  তিনি  কখনোই বিএনপির কোনো পদে ছিলেন না। এ সময় উপস্থিত  ছিলেন  উপজেলা  আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক আলহাজ মো. গোলাম হোসেন গোলাম প্রমুখ।