ভারতের পশ্চিমবঙ্গে দুর্গাপূজার পর থেকে ক্রমেই বাড়ছে করোনায় আক্রান্তের সংখ্যা। পরিস্থিতি নিয়ন্ত্রণে কলকাতা পুলিশ মাস্ক না পরার জন্য নাগরিকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে শুরু করেছে। কলকাতা পুলিশের তথ্য অনুযায়ী, রবিবার ও সোমবার দুই দিনে মাস্ক না পরার জন্য ৮৬৫ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। হিন্দুস্তান টাইমসের বাংলা অনলাইনের এক খবরে এই তথ্য জানানো হয়েছে।
এই বিষয়ে কলকাতা পুলিশের এক শীর্ষ কর্মকর্তা বলেন, আমরা নজরদারি জোরদার করেছি। রাত ১১টা থেকে ভোর ৫টা পর্যন্ত নাইট কারফিউ। দুর্গাপূজার জন্য নাইট কারফিউ দিনের জন্য প্রত্যাহার করা হয়েছিল। তবে তা আবার জারি করা হয়েছে এবং রাতে তল্লাশিও কঠোর করা হয়েছে। বার ও রেস্তোরাঁ রাত সাড়ে ১০টার মধ্যে বন্ধ করতে বলা হয়েছে। গত ৪৮ ঘণ্টায় মাস্ক না পরার জন্য ৮০০ জনেরও বেশি লোকের বিরুদ্ধে মামলা করা হয়েছে। গত শুক্রবার রাত থেকেই জারি হয়েছে নতুন নিয়ম। কারফিউ চলাকালে বাসিন্দাদের ঘরে থাকতে হবে। একান্ত প্রয়োজন না হলে কেউই বাইরে বের হতে পারবেন না। এদিকে করোনার সংক্রমণ ঠেকাতে রাজ্যে বেশ কয়েকটি ‘মাইক্রো-কনটেনমেন্ট জোন’ ঘোষণা করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সল্টলেক, দমদম, বারাসতের বেশকিছু এলাকাকে মাইক্রো কনটেনমেন্ট জোন হিসেবে ঘোষণা করা হয়েছে। এই তালিকায় রয়েছে উত্তর ২৪ পরগনা, হাওড়া, জলপাইগুড়ির বেশকিছু এলাকা। এই একই পথে এবার হাঁটতে চলেছে কলকাতাও। মাইক্রো কনটেনমেন্ট জোনের বাসিন্দাদের ১৪ দিন যাতায়াতে বিধিনিষেধ থাকবে। কেউ চাইলে আরটিপিসিআর টেস্ট করে বাইরে বের হতে পারবেন।
