দেশের সম্প্রীতি বিনষ্টের পরিকল্পনা হয়েছে লন্ডন থেকে :তথ্যমন্ত্রী

আপডেট : ২৬ অক্টোবর ২০২১, ২২:৪৫

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার মূল পরিকল্পনা হয়েছে লন্ডনে বসে। দীর্ঘ এক মাস ধরে মিটিং করে বিএনপি সারা দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার পরিকল্পনা করে। প্রকাশ্যে তারা মিটিং করেছে আর গোপনে করেছে ষড়যন্ত্র। সেই ষড়যন্ত্রের অংশ হলো সারা দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করা; পবিত্র কোরআর পূজামণ্ডপে রেখে আসা এবং বিভিন্ন পূজামণ্ডপে হামলা করা। গতকাল মঙ্গলবার দুপুরে রাজশাহীর সার্কিট হাউজে স্থানীয় গণমাধ্যমকর্মীদের সঙ্গে এক প্রেস ব্রিফিংয়ে মন্ত্রী এই মন্তব্য করেন।

তথ্যমন্ত্রী বলেন, ‘যে ব্যক্তি পূজামণ্ডপে পবিত্র কোরআন রেখে এসেছে, তাকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে। কিন্তু সে তো রেখে আসেনি। তাকে দিয়ে রেখে আসানো হয়েছে। যারা এই কাজ করেছে, তাদের খুঁজে বের করে অবশ্যই বিচারের আওতায় আনা হবে।’ তিনি বলেন, কারা এই যুবককে প্ররোচনা ও অর্থ দিয়েছে, কারা পালিয়ে যাওয়ার জন্য চট্টগ্রাম হয়ে কক্সবাজারে পাঠিয়েছে, সবকিছুই বের হবে। সরকার এ ঘটনার পর ১০২টি মামলা করেছে। ৭০০-এর মতো দুষ্কৃতকারীকে গ্রেফতার করেছে। কঠোর হাতে সরকার এটি দমন করেছে। সরকারের এই ভূমিকা আন্তর্জাতিক অঙ্গনেও প্রশংসিত হয়েছে।

তথ্যমন্ত্রী আরো বলেন, ‘সারা দেশের উন্নয়ন বাধাগ্রস্ত করতে, সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার জন্য বিএনপি-জামায়াতসহ উগ্রবাদী সংগঠন সব সময় তত্পর থাকে। দুর্গাপূজাকে তারা বেছে নিয়ে সারা দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টা করেছিল। আমরা আগেই সেটি বুঝতে পেরেছিলাম। সে জন্য তৃণমূলের নেতাকর্মীদের পূজামণ্ডপ পাহারা দিতে বলা হয়েছিল। তারা পাহারা দিয়েছে বলে বিএনপি-জামায়াত সারা দেশে হামলা করতে পারেনি।’

তথ্যমন্ত্রী বলেন, ‘রাজশাহীতে বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) উপকেন্দ্র আমরা চালু করার পরিকল্পনা নিয়েছি। আগামী নির্বাচনের আগে রাজশাহীতে বিটিভির উপকেন্দ্র চালু করতে পারব বলে আমরা আশা করি।’ মন্ত্রীর প্রেস ব্রিফিংয়ে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য আদিবা আঞ্জুম মিতা, সংসদ সদস্য আয়েন উদ্দিন, জেলা প্রশাসক আব্দুল জলিল, রাজশাহী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও বাগমারা উপজেলা চেয়ারম্যান অনিল কুমার সরকার, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও বাঘা উপজেলা চেয়ারম্যান লায়েব উদ্দিন লাভলু প্রমুখ উপস্থিত ছিলেন। পরে মন্ত্রী চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ স্থলবন্দর হয়ে সরকারি সফরে ভারতে গমন করেন।