খালেদা জিয়াকে কেবিনে স্থানান্তর

আপডেট : ২৬ অক্টোবর ২০২১, ২৩:১১

রাজধানীর বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে চিকিত্সাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে সার্জিক্যাল আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। এই তথ্য জানিয়ে তার ব্যক্তিগত চিকিত্সক এ জেড এম জাহিদ হোসেন গতকাল জানান, সোমবার রাতেই ম্যাডামকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। সকালে তরল খাবার দেওয়া হয়েছে। ম্যাডামের অবস্থা এখন পর্যন্ত ভালো আছে। ভালো বোধ করছেন। জাহিদ হোসেন বলেন, বায়োপসির প্রতিবেদন আসতে ৭২ ঘণ্টার বেশি সময় অপেক্ষা করতে হবে। পরবর্তী চিকিত্সা কী হবে, ঐ প্রতিবেদনের ওপর ভিত্তি করে সেটা নির্ধারিত হবে। সোমবার এক সংবাদ সম্মেলনে ডা. জাহিদ বলেন, বিএনপির চেয়ারপারসনের একটি মাইনর অপারেশন হয়েছে। তার শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করার পর চিকিত্সকরা দেখলেন, শরীরে ছোট একটা লাম্প আছে এক জায়গায়। যেহেতু লাম্প আছে, এর ন্যাচার জানার জন্য বায়োপসি করা হয়েছে।