দেশে গত এক দিনে করোনা ভাইরাসে ছয় জনের মৃত্যু হয়েছে। এই ছয় জনের মধ্যে চট্টগ্রাম বিভাগে দুই জন, রাজশাহী বিভাগে এক জন, খুলনা বিভাগে দুই জন ও সিলেট বিভাগে এক জন রয়েছেন। অর্থাত্ এ সময়ে মৃত্যু ও সংক্রমণে শীর্ষে থাকা ঢাকা বিভাগে কারো মৃত্যু হয়নি। ঢাকা, বরিশাল, রংপুর ও ময়মনসিংহ বিভাগে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গতকাল কারোর মৃত্যু হয়নি। এর আগে গত ২০ অক্টোবর ১৯ মাসের মধ্যে প্রথমবারের মতো মৃত্যুশূন্য থাকে ঢাকা বিভাগ।
গত ২৪ ঘণ্টায় ২৭৬ জনের মধ্যে করোনা ভাইরাস সংক্রমণ ধরা পড়ে। বরিশাল বিভাগে নতুন করে কারো ভাইরাস শনাক্ত হয়নি। গত শনিবার ময়মনসিংহ বিভাগে এক দিনে কোনো নতুন রোগী শনাক্ত হয়নি। মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় শনাক্ত নতুন রোগীদের নিয়ে দেশে এ পর্যন্ত আক্রান্ত কোভিড রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৬৮ হাজার ২৫৭ জন, মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২৭ হাজার ৮৩৪ জন। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে ২৪ ঘণ্টায় করোনা থেকে সেরে উঠেছেন ৪৪০ জন। গত এক দিনে সারা দেশে মোট ১৯ হাজার ১৮৪ নমুনা পরীক্ষা হয়। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ১ কোটি ২ লাখ ৬২ হাজার ১০৭টি নমুনা। পরীক্ষা অনুযায়ী শনাক্তের হার ১ দশমিক ৪৪ শতাংশ, যা আগের দিন ১ দশমিক ৩৯ শতাংশ ছিল। গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে চার জনের বয়স ছিল ৬০ বছরের বেশি এবং দুই জনের বয়স ৫১ থেকে ৬০ বছরের মধ্যে। তাদের মধ্যে পাঁচ জন পুরুষ, এক জন নারী।
দেশে করোনা পরিস্থিতি মোটামুটি নিয়ন্ত্রণে চলে এসেছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তবে সংস্থাটি স্বাস্থ্যবিধি মেনে চলার ওপর জোর দিয়েছে। যে কোনো সময় করোনা আবার জটিল আকার ধারণ করতে পারে বলেও সতর্ক করেছে স্বাস্থ্য অধিদপ্তর।
