প্রায় দেড় বছর পর ঢাকা থেকে সিঙ্গাপুর রুটে শিডিউল ফ্লাইট পরিচালনার ঘোষণা দিয়েছে সিঙ্গাপুর এয়ারলাইনস। আগামীকাল বৃহস্পতিবার থেকে সপ্তাহে পাঁচ দিন এ রুটে ফ্লাইট পরিচালনা করা হবে। সিঙ্গাপুর এয়ারলাইনসের ওয়েবসাইটে বলা হয়েছে, সপ্তাহে রবিবার, সোমবার, মঙ্গলবার, বৃহস্পতিবার এবং শুক্রবার এ রুটে ফ্লাইট চলবে। রবিবার, সোমবার ও শুক্রবারের ফ্লাইটগুলো ঢাকা থেকে রাত ১০টা ৪০ মিনিটে ছাড়বে। পরদিন ভোরে স্থানীয় সময় ৪টা ৫০ মিনিটে সিঙ্গাপুর পৌঁছাবে ফ্লাইটটি। এছাড়া মঙ্গলবার ও বৃহস্পতিবারের ফ্লাইটটি বাংলাদেশ সময় দুপুর ১টা ২০ মিনিটে ঢাকা ছাড়বে এবং বিকাল ৫টা ২৫ মিনিটে সিঙ্গাপুর পৌঁছাবে।
ফ্লাইট পরিচালনায় এয়ারবাস এ৩৫০-৯০০ এয়ারক্রাফট ব্যবহার করবে। এ রুটে সর্বনিম্ন রিটার্ন ভাড়া ধরা হয়েছে ৩৮ হাজার ৪৫৮ টাকা। করোনা ভাইরাসের কারণে বাংলাদেশিদের জন্য এত দিন সীমান্ত বন্ধ রেখেছিল সিঙ্গাপুর। ২৬ অক্টোবর থেকে সীমান্ত খুলে দেওয়ার সিদ্ধান্ত নেয় দেশটি। তবে বাংলাদেশিদের সিঙ্গাপুরে প্রবেশের আগে টিকার পূর্ণ ডোজ নিতে হবে। পাশাপাশি ফ্লাইটের ৭২ ঘণ্টা আগে করোনা ভাইরাস শনাক্তের আরটি-পিসিআর টেস্ট করে নেগেটিভ সনদ নিয়ে যেতে হবে। এছাড়া দেশটিতে পৌঁছানোর পর সরকারি স্থাপনায় ১০ দিনের হোম কোয়ারেন্টাইন পালন করতে হবে।
পহেলা নভেম্বর থেকে থাইল্যান্ড যেতে পারবেন বাংলাদেশিরা
আগামী পহেলা নভেম্বর সোমবার থেকে নির্ধারিত পর্যটন এলাকায় ‘স্যান্ডবক্স স্কিমে’র অধীনে কোয়ারেন্টাইন ছাড়াই বাংলাদেশ থেকে টিকাপ্রাপ্ত ভ্রমণকারীদের প্রবেশ অনুমতি দেবে থাইল্যান্ড। নির্দিষ্ট এলাকায় এক সপ্তাহ কাটানোর পর ভ্রমণকারীদের দেশের যেকোনো এলাকায় চলাচলের অনুমতি দেওয়া হবে। থাইল্যান্ড দূতাবাস এ নিয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করবে। ঢাকায় থাইল্যান্ডের নবনিযুক্ত রাষ্ট্রদূত মাকাওয়াদি সুমিতমোর পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সঙ্গে এক বৈঠকে এসব তথ্য জানিয়েছেন।
