কিউইদের হারিয়ে পাকিস্তানের মধুর প্রতিশোধ

আপডেট : ২৭ অক্টোবর ২০২১, ০০:৪২

খেলার এক ঘণ্টা আগে সিরিজ বাতিল করে নিউজিল্যান্ডের চলে যাওয়াটা বেশ পুড়িয়েছিল পাকিস্তানকে। তখন থেকেই ক্ষোভ উগড়ে দেওয়ার মঞ্চ হিসেবে ধরে রেখেছিল ছিল টি-২০ বিশ্বকাপকে। সাবেক পাকিস্তানি ক্রিকেটাররা সেই আগুনে  ঘি ঢেলে ম্যাচের উত্তাপ বাড়িয়ে দেন আরো। তাদের হতাশ না করে বরং প্রতিশোধটা মধুরভাবেই নিল বাবর আজমের দল। ভারতের পর গতকাল নিউজিল্যান্ডের বিপক্ষে ৫ উইকেটের দারুণ এক জয় পায় তারা।
শারজাহর মন্থরগতির উইকেটে টস হেরে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ডের সংগ্রহ ৮ উইকেটে ১৩৪ রান। পাকিস্তানি বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের কারণে হাত খুলে খেলতে পারেননি কিউই ব্যাটসম্যানরা। যার কারণে সেট হয়েও ত্রিশের আগেই সাজঘরে ফিরেন ড্যারিল মিচেল, কেন উইলিয়ামসন, ডেভন কনওয়ে। পাকিস্তানের হয়ে পেসার হারিস রউফ সর্বোচ্চ চারটি উইকেট নেন। তাছাড়া একটি উইকেট যায় শাহিন আফ্রিদি, ইমাদ ওয়াসিম ও
 মোহাম্মদ হাফিজের ঝুলিতে। জবাব দিতে নেমে ভারতের বিপক্ষে অপরাজিত থাকা পাকিস্তানের উদ্বোধনী জুটি এবার ভাঙে ষষ্ঠ ওভারেই। টিম সাউদির স্লোয়ার বলের কিনারা করতে না পেরে বোল্ড হন বাবর আজম (৯ রান)। মন্থর উইকেটের ফায়দা নিয়ে স্পিনে পাকিস্তানকে আরো চেপে ধরে কিউইরা। ৬৯ রানেই তুলে নেয় আরো চার ব্যাটসম্যান। এরপর পাকিস্তানের হাল ধরেন অভিজ্ঞ শোয়েব মালিক। ইমাদ ওয়াসিমকে নিয়ে এগোতে থাকেন জয়ের দিকে। ৮৭ রানে ইমাদ ফিরেই যেন বিপাকেই পড়ে কিউইরা। কেননা আসিফ আলি নেমেই বেধড়ক মারতে শুরু করেন তাদের। ডানহাতি ব্যাটসম্যানের ১২  বলে ১ চার ও ৩ ছয়ে ২৭ রানের ইনিংসে ৮ বল আগেই টানা দ্বিতীয় জয় নিশ্চিত করে পাকিস্তান।  অন্য প্রান্তে মালিক অপরাজিত ছিলেন ২৬ রান করে। নিউজিল্যান্ডের হয়ে সর্বোচ্চ ২টি উইকেট নেন ইশ সোদি। ২২ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন রউফ। গাপটিলকে বোল্ড করে শুরু, এরপর বিদায় জানান ডেভন কনওয়ে, গে­ন ফিলিপস ও মিচেল সান্টনারকে। ম্যাচসেরার পুরস্কার নিতে এসে এই পেসার বলেন, ‘প্রথমেই আল্লাহকে ধন্যবাদ জানাই। ফিল্ডিং খুব ভালো ছিল এবং তা বোলারদের সাহায্য করেছে। ম্যাচ জুড়ে ভক্তদের সমর্থনও আমাদের জয় পেতে সাহায্য করেছে। আমি এখানে দুই বছর ধরে খেলছি। আমরা প্রত্যেকেই একে অন্যকে সাহায্য করি এবং পরিকল্পনা নিয়ে আলোচনা করি। সেটাই আমাদের আত্মবিশ্বাস জুগিয়েছে।

সংক্ষিপ্ত স্কোর

নিউজিল্যান্ড : ১৩৪/৮ ২০ ওভার (মিচেল ২৭, উইলিয়ামসন ২৫, কনওয়ে ২৭; রউফ ৪/২২, শাহিন ১/২১, ইমাদ ১/২৪)।

পাকিস্তান : ১৩৫/৫ ১৮.৪ ওভার (রিজওয়ান ৩৩, মালিক ২৬*, আসিফ ২৭*; সোদি ২/২৮, সাউদি ১/২৫, সান্টনার ১/৩৩)।  

ফল : পাকিস্তান ৫ উইকেটে জয়ী।
ম্যাচসেরা
 : হারিস রউফ।