ইজতেমা নিয়ে অপপ্রচার চালালে কঠোর ব্যবস্থা নেওয়া হবে :স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০১৯, ০০:৩৯

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল এমপি বলেছেন, ইজতেমায় বয়ানে বা সম্মুখে কেউ কারো বিরুদ্ধে উস্কানি ও বিভ্রান্তিমূলক বক্তব্য রাখতে পারবে না। ইজতেমা নিয়ে ফেসবুকে বা অন্য কোনো মাধ্যমে কোনরূপ অপপ্রচার চালানো হলে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর ব্যবস্থা নেবে।

তিনি বুধবার দুপুরে বিশ্ব ইজতেমা উপলক্ষে টঙ্গীতে গাজীপুর সিটি কর্পোরেশনের টঙ্গী আঞ্চলিক কার্যালয় প্রাঙ্গণে ইজতেমার সর্বশেষ প্রস্তুতি নিয়ে ফলো-আপ সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, আমাদের নিরাপত্তা বাহিনী আগের চেয়ে অনেক দক্ষ। যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলায় তারা সর্বদা প্রস্তুত রয়েছে। ইজতেমার দুই পক্ষকে তাদের ৬ দফা ও ১০ দফা মেনে চলতে হবে।

গাজীপুর জেলা প্রশাসন আয়োজিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শেখ মোঃ আব্দুল্লাহ, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি, গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র মোঃ জাহাঙ্গীর আলম।

ধর্মপ্রতিমন্ত্রী বলেন, শান্তিশৃঙ্খলার সঙ্গে ইজতেমা সম্পন্ন করতে হবে। ইজতেমায় কারা আসবেন আর কারা আসবেন না সেটা ইজতেমা কর্তৃপক্ষই সিদ্ধান্ত নেবেন। দুই পক্ষ তাদের যে তালিকা দেবেন সে তালিকা অনুসারে বিদেশি মুসল্লিদের ভিসা প্রদানের ব্যবস্থা করা হবে।

গাজীপুরের জেলা প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীরের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন পুলিশের মহাপরিদর্শক ড. জাবেদ পাটোয়ারী, র্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার ওয়াই এম বেলালুর রহমান, ঢাকা উত্তরা জোনের ডিসি ট্রাফিক প্রবীর কুমার রায়, গাজীপুরের পুলিশ সুপার শামসুন্নাহার, ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন মেরামত) মেজর একেএম শাকিল নেওয়াজ, ইজতেমার মুরব্বী মাওলানা জুবায়ের পন্থি প্রকৌশলী মাহফুজুর রহমান, সা’দ পন্থি মাওলানা ওয়াসিফুল ইসলাম প্রমুখ।