রে জা উ ল ক রি ম খো ক ন
একসময়ে কলকাতার বাংলা সিনেমার অঙ্গন থেকে অনেক জনপ্রিয় অভিনেত্রী বলিউডে পা রাখলেও আজকাল সেই পদচারণাটা তেমন চোখে পড়ে না বলা যায়। অনেকদিন পর টালিউডের জনপ্রিয় আলোচিত একজন নায়িকার বলিউডে অভিষেক হচ্ছে। টালিউডের এই তন্বী অভিনেত্রীটি হলেন রুক্মিণী মৈত্র। বলিউড থেকে প্রযোজক বিপুল শাহ ‘সানাক’ ছবির জন্য বিভিন্ন ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে ফ্রেশ মুখ খুঁজছিলেন। কলকাতার রুক্মিণীকে পছন্দ হয়ে যায়। তাকে একটা অডিশন রেকর্ড করে পাঠাতে বলা হয়েছিল। সবকিছু তাদের মনের মতো হয়ে যাওয়ায় রুক্মিণীকে কাস্ট করা হয়। এ ছবিতে কাজ করার সময় করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে যেতে হয়েছিল তাকে। বর্তমানে প্রেমিক টালিউড তারকা দেব’র সঙ্গে রোমান্টিক কমেডি সিনেমা ‘কিসমিস’র শুটিং করছেন রুক্মিণী। এবারের দুর্গাপূজায় ছবিটি মুক্তি পাওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত আগামি বড়দিনের উত্সবে মুক্তি পাবে বলে জানা গেছে।
‘সনক’ ছবির ট্রেলার প্রকাশ্যে আসতেই সবার মুখে মুখে কলকাতার দেবের প্রেমিকা কাম নায়িকার বলিউড মিশন নিয়ে আলোচনা এর মধ্যেই বেশ জমে উঠেছে। বলিউডের অ্যাকশন হিরো বিদ্যুত্ জামওয়ালের বিপরীতে রুক্মিণীর স্বতঃস্ফূর্ত অভিনয় ইতিমধ্যেই প্রশংসিত। অনেকেই নতুন এই বলিউড পর্দা জুটির রসায়ন নিয়ে মজার মজার মন্তব্য করছেন। কেউ কেউ বলছেন পর্দায় বিদ্যুত্-রুক্মিণী জুটির রসায়ন কি টেক্কা দিল দেব-রুক্মিণীকে? শ্বাসরুদ্ধকর অ্যাকশনের ‘সনক’ ছবিতে দেখা যাবে রুক্মিণী জটিল হূদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি। সেখানে দলবল নিয়ে অতর্কিতে হানা দেয় জঙ্গিবাদী সন্ত্রাসী গোষ্ঠী। সেখানে উপস্থিত হয় দুঃসাহসী কমান্ডো বিদ্যুত জামওয়াল। তিনি রুক্মিণীর প্রেমিকও বটে। অনেক অ্যাকশন আর শ্বাসরুদ্ধকর অ্যাকশনের পর দুষ্টের দমন শিষ্টের পালন করে উদ্ধার করবেন মনের মানুষটিকে।
‘সনক’ ছবিতে অভিনয়ের জন্য বাঙালি এই তন্বী অভিনেত্রী নিজেকে নতুনভাবে গড়েছেন। বলিউড মিশনে রুক্মিণী মোটেও ব্যর্থ হবেন না— এমনটি আশা করা যায় অনায়াসেই।
এতদিন টালিউডের সিনেমায় দেখা গেছে তাকে। টালিউডে তার অভিনীত ৬টি ছবি মুক্তি পেয়েছে। এর মধ্যে একটি বাদে বাকি সবগুলো ছবিতেই সুপারস্টার দেব’র বিপরীতে অভিনয় করেছেন। প্রতিটি ছবিই বক্স অফিসে ব্যাপক সাফল্যের চমক দেখিয়েছে। পর্দার বাইরে বাস্তব জীবনেও তিনি টালিউড হিরো সুপার স্টার এবং সাংসদ দেব’র সবচেয়ে কাছের একজন মানুষ। ১৩ বছর বয়সেই মডেলিংয়ের অঙ্গনে পা রাখা রুক্মিণী বহু নামিদামি ব্র্যান্ডের মডেল হয়েছেন। দেবই তাকে ফিল্মে নিয়ে আসেন।
