নীতিগল্প : প্রতিশ্রুতি রক্ষা

আপডেট : ২৭ অক্টোবর ২০২১, ২০:১২

মহানবী কখনো প্রতিশ্রুতি ভঙ্গ করতেন না। অন্যকেও প্রতিশ্রুতি রক্ষা করার নির্দেশ দিতেন। প্রতিশ্রুতি রক্ষা করার জন্য যে কোনো কঠিন কষ্ট পর্যন্ত সহ্য করতেন। প্রতিশ্রুতি রক্ষার ব্যাপারে মহানবী যে কতটা ত্যাগ স্বীকার করতেন তার দৃষ্টান্ত পাওয়া যাবে একটি ঘটনা থেকে।

নবুয়তপ্রাপ্তির কিছুকাল আগের ঘটনা সেটি। আবদুল্লাহ বিন আবিহামনা নামে এক সঙ্গীর সঙ্গে মহানবী কিছু জিনিস ক্রয়-বিক্রয়ের কাজ করছিলেন। কাজ প্রায় শেষ হয়ে এসেছে এমন সময় সঙ্গী আবদুল্লাহ বিন আবিহামনা বললেন, ‘আপনি এখানে একটু অপেক্ষা করুন। আমি আসছি। একত্রে ফিরব।’

তারপর তিনি অন্য এক কাজে চলে গেলেন। মহানবী তাঁর জন্য অপেক্ষা করে আছেন। এদিকে আবদুল্লাহ বিন আবিহামনা মহানবীকে অপেক্ষা করতে বলে যে চলেই এসেছেন সে কথা ভুলে গেছেন সম্পূর্ণভাবে। তিনদিন পর আবিহামনার হঠাত্ মনে পড়ে গেল সে কথা। তড়িঘড়ি ছুটে গেলেন তিনি। গিয়ে দেখেন মহানবী তাঁর জন্য তখনও অপেক্ষা করছেন। আবিহামনাকে দেখে ভীষণভাবে ক্ষিপ্ত হয়ে ওঠার কথা মহানবীর। সাধারণ মানুষ তো এর চেয়ে অনেক কম কষ্টেই খেপে ওঠে। কিন্তু মহানবী একটুও রাগ করলেন না। ভেতরে ভেতরে ভীষণ বিরক্ত হলেও প্রকাশ করলেন না সেটা। মৃদুকণ্ঠে শুধু বললেন, ‘তিনদিন ধরে এখানেই আছি। তুমি আমাকে কষ্ট দিয়েছ।’

প্রতিশ্রুতি রক্ষার এরকম নজির হয়তো আর নেই।

সূত্র : নীতিকথার গল্প/আমীরুল ইসলাম