আলজাজিরা
আফগানিস্তানের ভবিষ্যত্ নিয়ে আলোচনার জন্য প্রতিবেশী দেশগুলোর জ্যেষ্ঠ কর্মকর্তারা ইরানের রাজধানী তেহরানে বুধবার বৈঠক করেছেন। এক দিনের এই আলোচনায় অংশ নিয়েছেন ইরান, পাকিস্তান, তাজিকিস্তান, উজবেকিস্তান এবং তুর্কমেনিস্তানের পররাষ্ট্রমন্ত্রী। চীন ও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীও ভিডিও লিংকের মাধ্যমে বৈঠকে যুক্ত হন। ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির ‘অন্য জরুরি কাজ থাকায়’ সম্মেলনের উদ্বোধন করেন দেশটির ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মোখবির। তিনি বলেন, আফগানিস্তানে আমেরিকান নীতির পরাজয়ের অর্থ এই নয় যে, এই অঞ্চলে তারা ধ্বংসাত্মক নীতি বাদ দেবে। জঙ্গিগোষ্ঠী আইএসকে এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের ছায়া শক্তি হিসেবে আখ্যা দেন মোহাম্মদ মোখবির। তিনি বলেন, আইএস এখন আফগানিস্তানের নিরাপত্তা পরিস্থিতিকে লক্ষ্যবস্তু বানিয়ে সেখানে গৃহযুদ্ধ শুরু করতে চায়। এক দিনের সম্মেলনে অংশ নেওয়া সাত দেশের পররাষ্ট্রমন্ত্রী প্রকাশ্য বক্তব্য রাখার পর রুদ্ধদ্বার বৈঠকে মিলিত হন। সেখানে তারা একটি যৌথ বিবৃতির বিষয়ে সম্মত হবেন বলে আশা করা হচ্ছে। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই আফগানিস্তান ইস্যুতে আরেকটি বৈঠক আয়োজনের আগ্রহ প্রকাশ করেন।
০
