তালায় আগাম শিম চাষে লাভবান কৃষক

আপডেট : ২৭ অক্টোবর ২০২১, ২১:৪৬

তালা (সাতক্ষীরা) সংবাদদাতা

তালায় উঠতে শুরু করেছে বিভিন্ন জাতের শিম। আগাম শিমের ভালো দাম পেয়ে লাভবান হচ্ছেন উপজেলার কৃষকরা। এ শিম কৃষকদের কাছে আইরেট শিম চাষ নামে পরিচিত। তালা উপজেলার বিভিন্ন জায়গায় ঘুরে দেখা গেছে, নিরাপদ পদ্ধতিতে সবজি উত্পাদনে এ শিম চাষ করা হচ্ছে। এছাড়া ঘেরের আইল এবং রাস্তার দুই ধারে শিম গাছের দীর্ঘ সারি। সবুজ পাতার মধ্যে লক লক করছে সিমের শিষ। আর শিষে ধরে আছে বেগুনি ও হালকা সাদা ফুল। আর কিছু কিছু শিষে উঁকি দিচ্ছে তরতাজা সিম। ইসলামকাটি এলাকার শিমচাষি ইদ্রিস হোসেন বলেন, আগাম শিম চাষ করে বেশ ভালো দাম পাচ্ছি। প্রতি কেজি শিম বর্তমানে ৮০ থেকে ৯০ টাকা দরে বিক্রি করছি। ফলে অন্য সময়ের তুলনায় এসব হাইব্রিড জাতের শিম কৃষকদের আরো লাভবান করে তুলছে। গোপালপুর গ্রামের চাষি গণি শেখ বলেন, বর্তমান আমাদের চাষ করা শিমগুলো বিক্রি করছি অনেক দামে। বাজারে শিমের পরিমাণ কম হওয়ায় দামও তুলনামূলক বেশি পাচ্ছি।

উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা পীযূষ কান্তি পাল জানান, আমরা মাঠ পর্যায় থেকে আগাম বিভিন্ন সবজি উত্পাদনে কৃষকদের সহায়তা করে যাচ্ছি। হাইব্রিড জাতের আইরেট ও  কেরেলা শিম কৃষকরা আগাম চাষ করায় ভালো দাম পাচ্ছেন। এসব শিমের বিশেষ করে ঘেরের আইল এবং রাস্তার ধারে ভালো ফলন হচ্ছে। তালা উপজেলা কৃষি কর্মকর্তা হাজিরা খাতুন জানান, উপজেলায় ৮৫ হেক্টর জমিতে শিমের চাষ করছে কৃষকরা। তবে এর বাইরেও বেসরকারিভাবে বেশ কিছু জমিতে শিম চাষ করা হচ্ছে। বিশেষ করে তালা উপজেলায় এ বছর বিভিন্ন জাতের হাইব্রিড শিমের আগাম ফলন হয়েছে, যা থেকে কৃষকরা ভালো দাম পাচ্ছেন।