অভয়নগরে ছয় শিশুকে নির্যাতনের অভিযোগ

আপডেট : ২৭ অক্টোবর ২০২১, ২১:৪৮

স্বেচ্ছাসেবক লীগ নেতা আটক

যশোর অফিস

যশোরের অভয়নগরে মোবাইল ফোনে পাবজি গেম খেলতে দেওয়ার প্রলোভন দেখিয়ে ছয় শিশুকে নির্যাতন করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিজাম আকুঞ্জী (৩০) নামে এক স্বেচ্ছাসেবক লীগ নেতাকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাতে উপজেলার নওয়াপাড়া গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটকের পর বুধবার দলীয় পদ থেকে নিজামকে বহিষ্কার করা হয়েছে। আটক নিজাম আকুঞ্জী উপজেলার গুয়াখোলা গ্রামের মৃত মহির উদ্দিন আকুঞ্জীর ছেলে। তিনি অভয়নগর উপজেলার নওয়াপাড়া পৌর স্বেচ্ছাসেবক লীগের ৫ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক ছিলেন।

অভয়নগর থানার ওসি এ কে এম শামীম হাসান জানান, আটক নিজাম আকুঞ্জীর বিরুদ্ধে ছয় শিশুকে নির্যাতনের অভিযোগ পাওয়া যায়। মঙ্গলবার রাতে তাকে আটক করা হয়েছে। নারী ও শিশু নির্যাতন মামলা হয়েছে। বুধবার তাকে যশোর আদালতে পাঠানো হয়েছে। এছাড়া ভিকটিম ছয় শিশুকে তাদের পরিবারের সঙ্গে যশোরে সদর হাসপাতালে ডাক্তারি পরীক্ষাসহ ২২ ধারায় জবানবন্দি প্রদানের জন্য আদালতে পাঠানো হয়েছে।