রাজিবপুরে কলেজ ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার
রাজিবপুর (কুড়িগ্রাম) সংবাদদাতা রাজিবপুর সদর ইউনিয়নের টাঙ্গালিয়াপাড়া গ্রাম থেকে গতকাল বুধবার সকালে স্বপন আলী (২১) নামের এক প্রতিবন্ধী কলেজছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। স্বপন ঐ গ্রামের মো. হেলাল মোল্লার ছেলে। তার বড় ভাই মো. সানোয়ার জানান, তাদের মা-বাবা-ভাইসহ পরিবারের সবাই বাড়িতে আছেন। বুধবার সকালে স্বপনকে ঘুম থেকে উঠতে না দেখে বাড়ির লোকজন ডাকাডাকি করেন। একপর্যায় তাকে ঘরে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। রাজিবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাহারুল ইসলাম বলেন, লাশ ময়নাতদন্তের জন্য কুড়িগ্রামে পাঠানো হবে। রাজিবপুর থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে নিশ্চিত হওয়া যাবে এটা হত্যা নাকি আত্মহত্যা।
সাম্প্রদায়িকতাবিরোধী সম্প্রীতি সমাবেশ
জয়পুরহাট প্রতিনিধি জয়পুরহাটের মাধাইনগর বাজার সংলগ্ন মাঠে বুধবার বিকালে সাম্প্রদায়িকতাবিরোধী সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জেলা কমিউনিটি পুলিশিং ফোরাম এ সম্প্রীতি সমাবেশের আয়োজন করে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. শরীফুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঁইয়া, জেলা পরিষদ চেয়ারম্যান আরিফুর রহমান রকেট ও সাধারণ সমপাদক জাকির হোসেন।
কৃষকদের মধ্যে কৃষিযন্ত্র বিরতণ
কেন্দুয়া (নেত্রকোনা) সংবাদদাতা কেন্দুয়ায় বুধবার দুপুরে কৃষকদের মধ্যে সরকারি ভর্তুকি মূল্যে কৃষিযন্ত্র কম্বাইন হারভেস্টার মেশিন বিতরণ করা হয়েছে। উপজেলা পরিষদ চত্বরে স্থানীয় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এসব কৃষি যন্ত্র বিতরণ করেন নেত্রকোনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক এফ এম মোবারক আলী ও সহকারী কমিশনার (ভূমি) রাজীব হোসেন। সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় এযন্ত্র বিতরণ করা হয়।
পুলিশ-শিক্ষক-শিক্ষার্থী বন্ধুসভা
ডামুড্যা (শরীয়তপুর) সংবাদদাতা ডামুড্যা উপজেলা পূর্ব মাদারীপুর সরকারি কলেজ মাঠে বুধবার পুলিশ-শিক্ষক-শিক্ষার্থী বন্ধুসভার আয়োজন করা হয়। ইফটিজিং, মাদক, বাল্যবিবাহ, ধর্ষণ, জঙ্গিবাদ ও সাম্প্রদায়িক সম্প্রীতি সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিকল্পে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার এস এম আশরাফুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন ডামুড্যা পৌরসভার মেয়র রেজাউল করিম রাজা ছৈয়াল। ডামুড্যা থানার ওসি শরিফ আহমেদ এতে সভাপতিত্ব করেন।
নারী উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে জেলা প্রশাসনের ব্রিফিং
নেত্রকোনা প্রতিনিধি তৃণমূল পর্যায়ে নারীদের অর্থনৈতিক কার্যক্রমে অংশগ্রহণের মাধ্যমে নারী উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্য নিয়ে নেত্রকোনায় বুধবার জেলা প্রশাসনের ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। নেত্রকোনায় প্রতিষ্ঠিত ‘বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব উইমেন্স কর্ণার’ শীর্ষক সফটওয়ার ব্যবহারবিষয়ক এই ব্রিফিং নেত্রকোনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। এ সময় জেলা প্রশাসক কাজী মো. আবদুর রহমান ‘বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব উইমেন্স কর্ণার শীর্ষক সফটওয়ার ব্যবহার’ নিয়ে সাংবাদিকদের কাছে ব্রিফিং করেন। অনুষ্ঠানে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সোহেল মাহমুদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল্লআহ আল মাহমুদ প্রমুখ বক্তব্য রাখেন।
জাতীয় ইঁদুর নিধন অভিযান উদ্বোধন
আগৈলঝাড়া (বরিশাল) সংবাদদাতা আগৈলঝাড়ায় গতকাল বুধবার মাসব্যাপী জাতীয় ইঁদুর নিধন অভিযান উদ্বোধন করা হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে কৃষি অফিসের প্রশিক্ষণ হলরুমে উপজেলা কৃষি কর্মকর্তা দোলন চন্দ্র রায়ের সভাপতিত্বে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবুল হাশেম মাসব্যাপী ইঁদুর নিধন অভিযানের উদ্বোধন ঘোষণা করেন। অনুষ্ঠানে ৫০টি ইঁদুরের লেজ কৃষি অফিসে জমা দিলে ঐ চাষিকে ৩৩ শতক জমি চাষের জন্য সরকারিভাবে বীজ ও সার দেওয়ার ঘোষণা দেন উপজেলা কৃষি কর্মকর্তা।
মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা
হোমনা (কুমিল্লা) সংবাদদাতা হোমনা উপজেলা পরিষদের মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা বুধবার অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমন দের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান রেহানা বেগম, ভাইস চেয়ারম্যান মুহসিন সরকার, এসিল্যান্ড মিজানুর রহমান, হোমনা থানার ওসি আবুল কায়েস আকন্দ প্রমুখ।
জেলা প্রশাসকের মতবিনিময়
চাটখিল ও সোনাইমুড়ি (নোয়াখালী) সংবাদদাতা চাটখিল উপজেলা পরিষদ মিলনায়তনে গতকাল বুধবার দুপুরে সুশাসন প্রতিষ্ঠায় অংশীজনের সঙ্গে মতবিনিময় করেছেন জেলা প্রশাসক মো. খোরশেদ আলম খান। উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এস এম মোসার সভাপতিত্বে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন চাটখিল উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির, ভাইস চেয়ারম্যান এইচ এম আলী তাহের ইভু, ইউপি চেয়ারম্যান এস এম বাকী বিল্লাহ প্রমুখ।
