শেয়ারবাজারে সামান্য উত্থান

আপডেট : ২৭ অক্টোবর ২০২১, ২১:৫০

ইত্তেফাক রিপোর্ট

সপ্তাহের চতুর্থ কার্যদিবস গতকাল বুধবার দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং অন্য শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান মূল্যসূচক বাড়লেও কমেছে অন্য সূচকগুলো। তবে দুই বাজারেই বেড়েছে লেনদেনের পরিমাণ। সেই সঙ্গে দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে বেশিসংখ্যক প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট। গতকাল দিনের লেনদেন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় মাত্র ৬ পয়েন্ট বেড়ে ৭ হাজার ১১ পয়েন্টে দাঁড়িয়েছে। প্রধান মূল্যসূচক পতনের হাত থেকে রক্ষা পেলেও অন্য দুই সূচকের স্থান হয়েছে পতনের তালিকায়। এর মধ্যে ডিএসই শরিয়াহ্ ১ পয়েন্ট কমে ১ হাজার ৪৮১ পয়েন্টে দাঁড়িয়েছে। আর বাছাই করা ভালো কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক ১৭ পয়েন্ট কমে ২ হাজার ৬৪৪ পয়েন্টে অবস্থান করছে। দিনভর ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ১৮০ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে। বিপরীতে দাম কমেছে ১৬৬টির। আর ২৯টির দাম অপরিবর্তিত রয়েছে। দিনভর ডিএসইতে লেনদেন হয়েছে ১ হাজার ৪৯৭ কোটি ২৫ লাখ টাকা। আগের দিন লেনদেন হয় ১ হাজার ৩৮৬ কোটি ৪৭ লাখ টাকা। সে হিসেবে লেনদেন বেড়েছে ১১০ কোটি ৭৮ লাখ টাকা। টাকার অঙ্কে ডিএসইতে সব থেকে বেশি লেনদেন হয়েছে বেক্সিমকোর শেয়ার। কোম্পানিটির ১২৬ কোটি ৭৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা আইএফআইসি ব্যাংকের ১০৯ কোটি ৭৪ লাখ টাকার লেনদেন হয়েছে। ৬৯ কোটি ৬৫ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে ওরিয়ন ফার্মা। এছাড়া ডিএসইতে লেনদেনের দিক থেকে শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে—ডেল্টা লাইফ ইনসিওরেন্স, ব্রিটিশ আমেরিকান টোবাকো, এনআরবিসি ব্যাংক, জিনেক্স ইনফোসিস, ফরচুন সুজ, লাফার্জহোলসিম বাংলাদেশ এবং সাইফ পাওয়ার।