স্পোর্টস ডেস্ক
পাকিস্তানের উইকেটকিপার-ব্যাটসম্যান মোহম্মদ রিজওয়ান ভারত-পাক ম্যাচে শুধু দুুরন্ত ব্যাটিংয়েই খবরে আসেননি, তিনি ড্রিংকস ব্রেকে মাঠে নমাজ পড়েছিলেন। আর এই ঘটনায় মোহিত হয়েছিলেন সাবেক পাকিস্তানি বোলার ওয়াকার ইউনুস। পাকিস্তানের টেলিভিশন চ্যানেলে ওয়াকার বলেছিলেন, ‘ভারত-পাক ম্যাচে রিজওয়ানের ব্যাটিংয়ের চেয়েও অনেক বেশি তৃপ্তি পেয়েছি, ও যেভাবে হিন্দুদের সামনে নমাজ পড়ল। ওয়াকারের এই মন্তব্যের পরেই বিতর্কের ঝড় উঠে যায়। ক্রিকেট পণ্ডিত হর্ষ ভোগলে থেকে সাবেক ভারতীয় ক্রিকেটার ওয়াসিম জাফর ওয়াকারের তীব্র সমালোচনা করেন। পরিস্থিতি বেগতিক বুঝে ওয়াকার টুইট করে ক্ষমা চেয়ে বলেন, ‘উত্তেজনার বশে আমি এমন কিছু বলে ফেলেছিলাম যা অনেকের আবেগে আঘাত হেনেছে। অনিচ্ছাকৃত এই ভুলের জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। প্রকৃত অর্থেই এটা ভুল। একেবারেই অনভিপ্রেত। জাতি, বর্ণ ও ধর্ম নির্বিশেষে স্পোর্টস মানুষকে বেঁধে রাখে।’
গত ৬ সেপ্টেম্বর টি-২০ বিশ্বকাপের দল ঘোষণা করেছিল পাকিস্তান। আর তার ঠিক কয়েক ঘণ্টা পরই জাতীয় দলের হেড কোচের পদ থেকে সরে দাঁড়ান মিসবা-উল-হক। পাশাপাশি পদত্যাগ করেন বোলিং কোচ ওয়াকার ইউনুসও। বায়োবাবল ক্লান্তি দেখিয়েই দায়িত্ব থেকে সরে আসেন মিসবা-ওয়াকাররা। তারা সরে দাঁড়ানোর এক সপ্তাহের মধ্যে পাকিস্তান নতুন সাপোর্ট স্টাফ বেছে নেয়। রমিজ রাজার বোর্ড ম্যাথিউ হেডেন ও ভার্নন ফিল্যান্ডারকে বাবর আজমদের কোচ করিয়ে নিয়ে আসেন টি-২০ বিশ্বকাপের জন্য।
