ক্রিকেটারদের প্রতি দুর্জয় খেলায় ফোকাস করো

আপডেট : ২৭ অক্টোবর ২০২১, ২১:৫৬

স্পোর্টস রিপোর্টার, আবুধাবি থেকে

মরুর বুকে চলছে আইসিসি টি-২০ বিশ্বকাপ। বাংলাদেশের অলিতে-গলিতে অন্যতম আলোচ্য বিষয় বিশ্বকাপ। স্বাভাবিকভাবেই বাংলাদেশ দলের পারফরম্যান্সই সবার আগ্রহের কেন্দ্রবিন্দুতে। প্রচলিত গণমাধ্যমের বাইরে ক্রিকেট নিয়ে শোরগোলের বড় অংশটা এখন হয়ে থাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে। চুলচেরা বিশ্লেষণ না হলেও ক্রিকেটারদের তীর্যকভাবে আক্রমণ করা হয় এখানে। সাফল্য-ব্যর্থতায় চরম সমালোচনার মুখে পড়তে হয় ক্রিকেটারদের।

বিশ্বকাপ শুরুর পর থেকে এই আলোচনা-সমালোচনার ঝড় নিয়েই এগিয়ে যাচ্ছে বাংলাদেশ দল। নেতিবাচক আলোচনায় আহত হওয়ার কথাও ক্রিকেটাররা অকপটে জানিয়েছেন। মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিমরা পালটা জবাব দিয়েছেন সমালোচকদের। কথার লড়াইয়ে শামিল হয়েছিলেন। সার্বিক বিষয় মিলে ২২ গজের লড়াইয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার স্রোতে টালমাটাল বাংলাদেশ দল। এদিকে  মাঠের পারফরম্যান্সও প্রত্যাশা পূরণ করতে পারছে না কারোরই।

গতকাল আবুধাবিতে ম্যাচ দেখতে এসে সাবেক অধিনায়ক ও বিসিবি পরিচালক নাঈমুর রহমান দুর্জয় বলেছেন, ক্রিকেটারদের উচিত বাইরের ঘটনায় মনোযোগ না দিয়ে ক্রিকেটে ফোকাস করা। ফেসবুকের আলোচনাকে গুরুত্ব না দেওয়ার পরামর্শ দিয়েছেন অভিষেক টেস্টের অধিনায়ক।

দুর্জয় গতকাল সাংবাদিকদের বলেছেন, ‘সোশ্যাল মিডিয়া তো গণমাধ্যম না। এটা স্বাভাবিক যোগাযোগ মাধ্যম। এখানে যে যেমন পারে তেমন বলছে। এটা নিয়ে ক্রিকেটারদের মাথা না ঘামিয়ে খেলায় ফোকাস করা উচিত। মাঠের  বাইরের জিনিসগুলো নিয়ে চিন্তা না করে ক্রিকেটারদের উচিত মাঠে যা হচ্ছে তা নিয়ে ভাবা।’ বিশ্বকাপে এখন আর দলকে নিয়ে সেমিফাইনালের স্বপ্ন দেখছেন না দুর্জয়। তার চাওয়া, অবশিষ্ট ম্যাচগুলো যেন মাহমুদউল্লাহরা ভালো ক্রিকেট খেলেন। গতকাল তিনি বলেছেন, ‘আশা করি আসলে মাঠের বাইরের জিনিসগুলো যেহেতু বেশি সম্পৃক্ত হয়ে গেছে, এখন এটা থেকে সরে গিয়ে ভালো করা উচিত। আর এখন সেমিফাইনাল নিয়ে ভাবছি না, আমি চাই বাকি ম্যাচগুলো বাংলাদেশ ভালো করুক।’

বিশ্বকাপে আসার আগে হোমে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডকে টি-২০ সিরিজ হারিয়েছিল। কিন্তু সেসব জয়ের আত্মবিশ্বাস বিশ্বকাপের পারফরম্যান্সে অনুবাদ করতে পারছে না টাইগাররা। হোম কন্ডিশনের সুবিধা নিয়ে সিরিজ জয়ে অবশ্য খারাপ কিছু দেখছেন না দুর্জয়। তার মতে, এ ফরম্যাটে নিজেদের মেলে ধরতে পারছে না বাংলাদেশ।

দুর্জয় বলেন, ‘নিজেদের পরিচিত কন্ডিশনে একটু সুবিধা  নেবে সেটা তো স্বাভাবিক। কিন্তু এটা তো আইসিসি টুর্নামেন্ট, এখানে আমরা ওভারে চিন্তা করতে পারব না। তবুও যেহেতু এখানকার কন্ডিশনের সঙ্গে আমাদের কন্ডিশন অনেকটাই মিল, তাই সুবিধা থাকাটা স্বাভাবিক। কিন্তু ব্যাপারটা হলো টি-২০ ফরম্যাটে আমরা এখনো সেভাবে মেলে ধরতে পারিনি, উলটো দিকে ইংল্যান্ড-অস্ট্রেলিয়াকে দেখবেন এমন কন্ডিশনে খুবই এগিয়ে।’