ওয়ানডের পর টি-২০-র সিংহাসনে সাকিব

আপডেট : ২৭ অক্টোবর ২০২১, ২১:৫৭

স্পোর্টস ডেস্ক

টি-২০ বিশ্বকাপের শুরু থেকেই দেখা মিলছে অলরাউন্ডার সাকিব আল হাসানের। ব্যাটে-বলে তার দুর্দান্ত  পারফরম্যান্সেই প্রথম রাউন্ডে শঙ্কার মেঘ কাটায় বাংলাদেশের। এর পুরস্কারটাও তাকে দিল আইসিসি। ওয়ানডের পর এবার টি-২০ অলরাউন্ড র্যাংকিংয়ে সিংহাসন ফিরে পেয়েছেন এই অলরাউন্ডার।

আফগানিস্তানের অধিনায়ক মোহাম্মদ নবিকে হটিয়ে শীর্ষে উঠা সাকিবের রেটিং পয়েন্ট ২৯৫। যা নবির থেকে ২০ পয়েন্ট বেশি। এই তালিকায় তিন ধাপ এগিয়ে তিনে উঠেছেন অজি অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল।

এদিকে বোলিং র্যাংকিংয়ে উন্নতি হয়েছে বাংলাদেশের ডানহাতি স্পিনার মেহেদী হাসানের। ১১ ধাপ এগিয়ে প্রথমবারের মতো সেরা ১০-এ জায়গা পেলেন তিনি। আছেন ৯ নম্বরে। তার আগের পজিশনে সাকিব ও পরের পজিশনে রয়েছেন মুস্তাফিজুর রহমান। ব্যাটিং র্যাংকিংয়ে আট ধাপ এগিয়ে ক্যারিয়ার সেরা তিন নম্বরে আছেন দক্ষিণ আফ্রিকার আইডেন মারক্রাম। উন্নতি হয়েছে দুর্দান্ত ফর্মে থাকা পাকিস্তানের মোহাম্মদ রিজওয়ানেরও। তিন ধাপ এগিয়ে চারে আছেন তিনি। ব্যাটিং ও বোলিং দুই র্যাংকিংইয়েই যথারীতি শীর্ষে আছেন দাভিদ মালান ও তাবরাইজ শামসি।