ইত্তেফাক রিপোর্ট
শিশুদের স্বাস্থ্যবিধি নিশ্চিতে ১৯টি এনজিওর সম্মিলিত প্রচারণার আওতায় ১০ হাজারের বেশি স্কুলে শিশুদের আচরণগত পরিবর্তন এবং স্কুলে স্বাস্থ্যবিধি মানার সচেতনতা তৈরিতে সরকারের সঙ্গে প্রচারাভিযান চালাচ্ছে ‘নিরাপদে ইশকুলে ফিরি’ ক্যাম্পেইন। বিভিন্ন বার্তার মাধ্যমে দেশব্যাপী সচেতনতা প্রচারণা ছাড়াও ৫৬ জেলায় ১০ হাজারের বেশি স্কুলে ক্যাম্পেইন পরিচালনাকারী সংস্থাগুলো শিশুদের কোভিড-১৯ থেকে সুরক্ষিত থাকার বিভিন্ন অভ্যাস তৈরিতে সাহায্য করছে। গত ১২ সেপ্টেম্বর সারা দেশে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার আগে থেকেই সরকারসহ সব অংশীদারের মুখ্য অগ্রাধিকার ছিল, নিরাপদ পরিবেশে সচেতন মানসিকতা নিয়ে শিশুদের স্কুলে ফেরা নিশ্চিত করা। এই বিবেচনা থেকেই গত ১০ ফেব্রুয়ারি জাতীয় ও আন্তর্জাতিক ১৯টি উন্নয়ন সংস্থা বাংলাদেশ সরকারের সঙ্গে যৌথভাবে ‘নিরাপদে ইশকুলে ফিরি’ প্রচারাভিযান শুরু করে।
শিশুদের চলমান স্কুলে ফেরা কার্যক্রম এবং তাদের শিক্ষা গ্রহণকে নিরাপদ করতে এখন জনসংযোগের সব মাধ্যম ব্যবহার করে দেশব্যাপী সচেতনতা তৈরিতে সরকারের পাশাপাশি কাজ করছে এই ক্যাম্পেইন। মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে প্রচারাভিযানের চলমান কার্যক্রম ও ভবিষ্যত্ পরিকল্পনা গণমাধ্যমের কাছে তুলে ধরে এতে যুক্ত উন্নয়ন সংস্থাগুলো।
সম্মেলনে প্রচারাভিযানের পক্ষে ব্র্যাকের সিনিয়র ডিরেক্টর, কে এ এম মোরশেদ জানান, এর বার্তাগুলো এমনভাবে সাজানো হয়েছে যাতে যে কোনো মাধ্যমে, যে কোনো উপায়ে সব শিশু এবং তাদের পরিবারের কাছে পৌঁছানো যায়। ‘ক্যাম্পেইনটির বার্তা মানুষের কাছে পৌঁছে দিতে গণমাধ্যম, সামাজিক যোগাযোগমাধ্যম, লোকমাধ্যম ইত্যাদি যোগাযোগের সব মাধ্যম ব্যবহার করা হচ্ছে।
