কালীগঞ্জে উদ্বোধন হলো
স্বপ্নের পাঠাগার
কালীগঞ্জ (গাজীপুর) সংবাদদাতা
গাজীপুরের কালীগঞ্জে উদ্বোধন হলো স্থানীয় মানুষের স্বপ্নের পাঠাগার। বুধবার বিকালে কালীগঞ্জ পৌর এলাকার পুরাতন সোনালী ব্যাংকের মোড়ে প্রধান অতিথি হিসেবে কালীগঞ্জ উপজেলা কেন্দ্রীয় পাঠাগারের উদ্বোধন করেন আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি এমপি। কালীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাজীপুর জেলা প্রশাসক (ডিসি) এস এম তরিকুল ইসলাম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও পাঠাগার পরিচালনা কমিটির সভাপতি মো. শিবলী সাদিক।
এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন, কালীগঞ্জ পৌর মেয়র এস এম রবীন হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এইচ এম আবুবকর চৌধুরী, বাহাদুরসাদী ইউপি চেয়ারম্যান শাহাবুদ্দিন আহমেদ, পাঠাগার পরিচালনা কমিটির সদস্য সচিব ও কালীগঞ্জ আরআরএন পাইলট সরকারি উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এ কে এম নুরুল ইসলাম আল মোশারফ ইবনে কাদির প্রমুখ।
বক্তারা বলেন, কালীগঞ্জ উপজেলা কেন্দ্রীয় পাঠাগারের মাধ্যমে স্থানীয়দের মধ্যে জ্ঞানের আলো জ্বলবে এবং শিক্ষার হার বাড়াতে সহায়তা করবে এই পাঠাগার। এর আগে অনুষ্ঠানের প্রধান অতিথি কালীগঞ্জ উপজেলা কেন্দ্রীয় পাঠাগারের ফলক উন্মোচন এবং দুটি বনজ বৃক্ষের চারা রোপণ করেন। পরে স্থানীয় সাংস্কৃতিক শিল্পীদের অংশগ্রহণে পাঠাগার চত্বরে শহিদ ময়েজউদ্দিন মুক্তমঞ্চে মনোমুগ্ধকর নৃত্য ও সংগীত পরিবেশিত হয়। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তর প্রধান, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় গণমাধ্যম কর্মী, রাজনৈতিক ও নানা শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।
