সংলাপে মোস্তাফা জব্বার
ইত্তেফাক রিপোর্ট
চলতি বছরেই রাষ্ট্রায়ত্ত মোবাইল ফোন অপারেটর টেলিটক পরীক্ষামূলকভাবে ফাইভজি সেবা চালু করতে যাচ্ছে বলে জানিয়েছেন টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার। আর অন্য অপারেটরগুলোর জন্য পঞ্চম প্রজন্মের এ মোবাইল সেবা দিতে তরঙ্গ নিলাম আগামী বছর অর্থাত্ ২০২২ সালে করা হবে বলেও তিনি উল্লেখ করেন। গতকাল বুধবার সচিবালয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত সংলাপে তিনি এসব তথ্য জানান।
বিএসআরএফ সভাপতি তপন বিশ্বাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাসউদুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রধান তথ্য কর্মকর্তা শাহেনুর মিয়া।
দেশের টেলিযোগাযোগ খাতকে আরো উন্নত করার আশা প্রকাশ করে মোস্তাফা জব্বার বলেন, আমরা বড় ধরনের জাম্প করতে চাই। পৃথিবীতে ফাইভজি এসেছে, ২০১৮ সালের জুলাইতে ফাইভজি পরীক্ষামূলক চালু করে দেখেছিলাম। আপনারা জেনে খুশি হবেন, ২০২১ সালের মধ্যে ফাইভজি পরীক্ষামূলকভাবে চালু করব। বর্তমানে দেশে ফোরজি সেবা চালু আছে। এর পরের প্রজন্ম ফাইভজি চালু হলে ইন্টারনেটের গতি কয়েক গুণ বেড়ে যাবে। টেলিটক পরীক্ষামূলকভাবে ফাইভজি চালুর প্রস্তুতি নিচ্ছে জানিয়ে মন্ত্রী বলেন, টেলিটক ইতিমধ্যে কমপক্ষে পাঁচটি সাইট রেডি করেছে। এটি ২০২২ সালে সম্প্রসারণ করব এবং ঐ বছর প্রথম কোয়ার্টারে একটি স্পেকট্রাম অকশন করব।
সব অপারেটর ২০২২ সাল থেকে ফাইভজি প্রযুক্তির বিকাশ ঘটাতে পারবে বলে উল্লেখ করেন তিনি। নতুন এ প্রযুক্তি বিশেষ চাহিদাসম্পন্ন এলাকায় চালুর পরিকল্পনার কথা জানান মোস্তাফা জব্বার।
