ইত্তেফাক রিপোর্ট
রাজধানীর মাতুয়াইলের শিশু-মাতৃ স্বাস্থ্য ইনস্টিটিউটের সামনে পিকআপ ভ্যানের চাপায় এক রোগী নিহত হয়েছেন। তার নাম মুক্তারা বেগম (৪৭)। গতকাল বুধবার সকালে এ ঘটনা ঘটে। পুলিশ ও আশপাশের লোকজন দ্রুত তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে কতর্ব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। নিহত মুক্তারা বেগম অসুস্থ ছিলেন, তিনি ডায়াবেটিসের চিকিত্সা নেওয়ার উদ্দেশ্যে মাতুয়াইলের শিশু-মাতৃ স্বাস্থ্য ইনস্টিটিউটে গিয়েছিলেন।
যাত্রাবাড়ী থানার এসআই সাদ্দাম হোসেন জানান, দুর্ঘটনার পরপরই পুলিশ গিয়ে আহত নারীকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে। তার কাছে একটি চিকিত্সা ব্যবস্থাপত্র পাওয়া গেছে। তাকে চাপা দেওয়া পিকআপটি জব্দ এবং চালককে আটক করা হয়েছে।
পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, মুক্তারার বাড়ি শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার মধ্য মহিষায়। তার স্বামীর নাম আরব আলী। তিনি ডায়াবেটিসে ভুগছিলেন। চিকিত্সা নিতে গতকাল সকাল সাড়ে ৯টার দিকে তিনি মাতুয়াইলের শিশু-মাতৃ স্বাস্থ্য ইনস্টিটিউটের সামনে পৌঁছান। তখনই একটি পিকআপ তাকে চাপা দেয়। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পর বেলা সাড়ে ১১টার দিকে তার মৃত্যু হয়।
