দুই হাজতির মৃত্যু

আপডেট : ২৭ অক্টোবর ২০২১, ২২:১৫

ইত্তেফাক রিপোর্ট

ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের এক হাজতির মৃত্যু হয়েছে। তার নাম কবির হোসেন (৪৬)। গতকাল বুধবার সকালে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে তিনি মারা যান। নিহত কবিরের বাবার নাম তোতা মিয়া। তিনি খিলগাঁও থানার মাদক মামলার আসামি হিসেবে কেন্দ্রীয় কারাগারে বন্দি ছিলেন। কারারক্ষী মো. রবিউল ইসলাম বলেন, কবির গতকাল সকালে কারাগারে অসুস্থ হয়ে পড়লে কারা চিকিত্সকের পরামর্শে সকাল সাড়ে ৯টার দিকে অচেতন অবস্থায় কারারক্ষীরা তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কতর্ব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের সহকারী ইনচার্জ (এএসআই) আব্দুল খান বলেন, ময়নাতদন্তের জন্য কবিরের লাশ মর্গে রাখা হয়েছে।

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ জানান, নারায়ণগঞ্জ জেলা কারাগারে আশ্রাফ হোসেন (৫০) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। নিহত আশ্রাফ বন্দর উপজেলার সালেনগর এলাকার মৃত মুসা মিয়ার ছেলে। গত মঙ্গলবার রাতে হঠাত্ সে অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের লাশ হাসপাতাল মর্গে রয়েছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে কারাগারের জেলার শাহ রফিকুল ইসলাম জানান, ১৪ অক্টোবর বন্দর থানার মাদক মামলায় আদালত আশ্রাফ হোসেনকে কারাগারে প্রেরণ করে। আশ্রাফ হোসেন মাদকাসক্ত ছিলেন। এছাড়া তার শ্বাসকষ্টের রোগও ছিল।