স্কুলের জমি নিয়ে বিরোধ
ঘোড়াঘাট (দিনাজপুর) সংবাদদাতা
ঘোড়াঘাটে স্কুলের জমি রক্ষা করতে গিয়ে প্রতিপক্ষের মারধরে গুরুত্বর আহত হয়ে হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছেন জয়রামপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম। ঘোড়াঘাট থানার দাখিলকৃত এজাহার সূত্রে জানা যায়, স্কুলের জমি কাবলা দলিল সূত্রে প্রাপ্ত হয়ে দীর্ঘ দিন থেকে জয়রামপুর উচ্চ বিদ্যালয় ভোগ করে আসছে। যার চলমান জরিপ ও খারিজ বিদ্যালয়ের নামে সম্পন্ন রয়েছে। একই জমি ওয়াক্ফ দাবি করে একই এলাকার আব্দুর রাজ্জাকের নেতৃত্বে কিছু উচ্ছৃঙ্খল ব্যক্তি গতকাল বুধবার দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে বিদ্যালয়ের জমিটিতে হাল চাষ শুরু করেন। বিষয়টি জয়রামপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম সকালে রাস্তা দিয়ে তার ধানের জমি দেখতে যাওয়ার সময় তার দৃষ্টিগোচর হলে তাত্ক্ষণিক ঘটনাস্থলে গিয়ে চাষাবাদে বাধা প্রদান করেন। এ সময় উচ্ছৃঙ্খল ব্যক্তিরা তাকে এলোপাতাড়ি মারধর শুরু করলে তার আর্তচিত্কারে গ্রামের লোকজন এগিয়ে এসে রক্তাক্ত জখম অবস্থায় তাকে উদ্ধার করে ঘোড়াঘাট হাসপাতালে ভর্তি করে। ৯৯৯-এ ফোন করলে সেখানে তাত্ক্ষণিক ঘোড়াঘাট থানা পুলিশ উপস্থিত হলে প্রতিপক্ষরা সেখান থেকে সরে যায়।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুস সাত্তার সরকার ও একাডেমিক সুপার ভাইজার ধীরাজ সরকার হাসপাতালে চিকিত্সাধীন প্রধান শিক্ষক শফিকুল ইসলামকে দেখতে যান। পাশাপাশি ঘোড়াঘাট থানার এসআই খুরশিদ আলম হাসপাতালে আহত প্রধান শিক্ষককে দেখেছেন। এ ব্যাপারে শফিকুল ইসলাম বাদী হয়ে ঘোড়াঘাট থানায় তার বিদ্যালয়ের সহকারী শিক্ষকের মাধ্যমে এজাহার দাখিল করেন।
