সিলেটে কলেজছাত্র খুন
সিলেট অফিস ও দক্ষিণ সুরমা সংবাদদাতা
সিলেটের দক্ষিণ সুরমা সরকারি কলেজের মেধাবী শিক্ষার্থী আরিফুল ইসলাম রাহাত হত্যা মামলার প্রধান আসামি শামসুদ্দোহা সাদীকে ভারতে পালিয়ে যাবার পথে গ্রেফতার করা হয়য়েছে। মঙ্গলবার কুষ্টিয়া জেলার সীমান্ত এলাকা থেকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) গ্রেফতার করা হয়। সিআইডি হেডকোয়ার্টারের একটি দায়িত্বশীল সূত্র তাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছে। রাহাত হত্যাকাণ্ডের তদন্তের দায়িত্বও সিআইডির নিকট ন্যস্ত করছে পুলিশ সদর দপ্তর।
দক্ষিণ সুরমা থানার ওসি কামরুল হাসান তালুকদার রাহাত হত্যা মামলার মূল আসামি সাদীকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, পুলিশের একটি পৃথক ইউনিট তাকে গ্রেফতার করেছে। পুলিশ সূত্র জানায়, কলেজছাত্র আরিফুল ইসলাম রাহাত হত্যা মামলার প্রধান আসামি ছাত্রলীগ নেতা শামসুদ্দোহা সাদী সিলেট থেকে পালিয়ে গিয়ে আত্মগোপন করে কুষ্টিয়া জেলায়। সাদীকে ধরতে আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ইউনিট মাঠে নামে। সিলেট মহানগর পুলিশের পাশাপাশি ছায়া তদন্তের কাজ শুরু করে অন্যান্য সংস্থাও। মঙ্গলবার দুপুরের পর কুষ্টিয়া জেলার একটি সীমান্ত এলাকা হয়ে ভারতে পালিয়ে যাওয়ার মুহূর্তে সিআইডির হাতে পাকড়াও হয় শামসুদ্দোহা সাদী। সে দক্ষিণ সুরমা উপজেলার সিলাম টিকর পাড়ার মোবারক হোসেনের পুত্র।
গত বৃহস্পতিবার দক্ষিণ সুরমা সরকারি কলেজের গেটের সামনে খুন হন দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী আরিফুল ইসলাম রাহাত (১৮)। রাহাত দক্ষিণ সুরমার তেতলি ইউনিয়নের ধরাধরপুরের সৌদি প্রবাসী সুলাইমান মিয়ার একমাত্র পুত্র।
